আইসিবি ক্যাপিটাল ১১ কোটি টাকার সুদ মওকুফ করবে
শেয়ারবাজার ধসে ক্ষতিগ্রস্ত প্রায় ১০ হাজার ৭০০ ক্ষুদ্র বিনিয়োগকারীকে সুদ মওকুফ-সুবিধা দেবে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।গতকাল আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের পরিচালনা পর্ষদের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফায়েকুজ্জামান সুদ মওকুফের সিদ্ধান্তের সত্যতা স্বীকার করেছেন।জানা গেছে, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) অন্যতম সহযোগী প্রতিষ্ঠান আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট থেকে এই সুবিধা পেতে হলে প্রতিষ্ঠানটির ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের আলাদাভাবে আবেদন করতে হবে।এর আগে আইসিবি প্রায় ১০ হাজার বিনিয়োগকারীর ১৪ কোটি টাকা সুদ মওকুফের সিদ্ধান্ত নেয়।সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০১১ সালের ৩০ নভেম্বর পর্যন্ত সময়ে শেয়ারবাজারে সর্বোচ্চ ১০ লাখ টাকা নিজস্ব অর্থ বিনিয়োগ করে এর বিপরীতে যাঁরা ঋণসুবিধা নিয়েছেন, কেবল তাঁরাই সুদ মওকুফের সুবিধা পাবেন। এই সুবিধার আওতায় ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের এক বছরের সুদের ৫০ শতাংশ মওকুফ করা হবে। আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের হিসাবে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত নিজস্ব অর্থের বিপরীতে ঋণসুবিধা নিয়ে বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত হয়েছেন, এমন গ্রাহক বা বিনিয়োগকারীর সংখ্যা প্রায় ১০ হাজার ৭০০ জন। তাঁদের নেওয়া ঋণের বিপরীতে এক বছরে সুদের পরিমাণ দাঁড়িয়েছে ২২ কোটি টাকার বেশি, যার ৫০ শতাংশ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি ঋণগ্রস্ত বা ঋণ ছাড়া উভয় ধরনের ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী আইপিও বা প্রাথমিক গণণপ্রস্তাবেও কোটাসুবিধা পাবেন। এ জন্য ২০১২ ও ২০১৩ সালে ইস্যু হওয়া সব আইপিওতে ২০ শতাংশ কোটা সংরক্ষণ করা হবে।