আইসিবির আটটিসহ নয়টি মিউচুয়াল ফান্ডের মেয়াদ বৃদ্ধি
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রথম বিএসআরএস মিউচুয়াল ফান্ড ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) আটটি মিউচুয়াল ফান্ডের অবসায়নের মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। আজ বুধবার এসইসির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এসইসি সূত্রে জানা যায়, নিয়ম অনুযায়ী আইসিবির আটটি মিউচুয়াল ফান্ডের মেয়াদ গত ৩১ ডিসেম্বর শেষ হয়। কিন্তু আইসিবির আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ৫ অক্টোবর ফান্ডগুলোর মেয়াদ এক বছর বাড়ায় এসইসি। এই হিসাবে চলতি বছরের ৩১ ডিসেম্বর ফান্ডগুলোর মেয়াদ শেষ হওয়ার কথা। কিন্তু আইসিবির পক্ষ থেকে আবারও এই আটটি মিউচুয়াল ফান্ডের মেয়াদ বাড়ানোর আবেদন করা হয়। এরই পরিপ্রেক্ষিতে আইসিবির মিউচুয়াল ফান্ডগুলোর অবসায়নের মেয়াদ এক বছর বাড়ানোর সিদ্ধান্ত নেয় এসইসি।আইসিবি পরিচালিত মিউচুয়াল ফান্ডগুলো হলো, প্রথম আইসিবি মিউচুয়াল ফান্ড, দ্বিতীয় আইসিবি মিউচুয়াল ফান্ড, তৃতীয় আইসিবি মিউচুয়াল ফান্ড, চতুর্থ আইসিবি মিউচুয়াল ফান্ড, পঞ্চম আইসিবি মিউচুয়াল ফান্ড, ষষ্ঠ আইসিবি মিউচুয়াল ফান্ড, সপ্তম আইসিবি মিউচুয়াল ফান্ড ও অষ্টম আইসিবি মিউচুয়াল ফান্ড।