আইসিবির নিট মুনাফার ২০ শতাংশ জমা রাখতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি বিনিয়োগকারী সংস্থা ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশকে (আইসিবি) তার বার্ষিক নিট মুনাফার ২০ শতাংশ সংরক্ষিত তহবিলে জমা করতে হবে।
অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গত বুধবার এ বাধ্যবাধকতা দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। দেশে প্রথমবারের মতো এমন বিধিমালা জারি হয়েছে বলে জানা গেছে। এতে স্বল্প ও দীর্ঘমেয়াদি এবং অন্যান্য ঋণ পরিশোধের সক্ষমতা বৃদ্ধির জন্য আইসিবিকে নিট মুনাফার ৫ শতাংশ ঋণ পরিশোধ রিজার্ভে স্থানান্তর করতে হবে বলেও উল্লেখ করা হয়েছে।
বিধিমালায় বলা হয়েছে, আইসিবি তার বার্ষিক নিট মুনাফার ২০ শতাংশ সংরক্ষিত তহবিলে জমা করলেও সংস্থাটি এই টাকা বিনিয়োগ কার্যক্রমেও ব্যবহার করতে পারবে।
প্রজ্ঞাপন অনুযায়ী সংরক্ষিত তহবিল ও ঋণ পরিশোধ রিজার্ভে নিট মুনাফার অংশ জমা রাখার পর বাকি টাকা থাকবে উদ্বৃত্ত অংশ হিসেবে এবং এই অংশ থেকেই নগদ, স্টক বা উভয় ধরনের লভ্যাংশ ঘোষণা করতে পারবে আইসিবি। তবে ঘোষিত লভ্যাংশ আইসিবির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের অনুমোদিত হতে হবে।
যোগাযোগ করলে আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মো. ইফতেখার-উজ-জামান গত রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি আগেও ছিল। তবে বিধিমালা আকারে এই প্রথম জারি হলো।’