আইসিবির মিউচুয়াল ফান্ডের ৬০০ থেকে ১০০ শতাংশ লভ্যাংশ
রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ-প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) আটটি মিউচুয়াল ফান্ড ও একটি আইসিবি ইউনিট ফান্ডের লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। গত ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করা হয়। আজ রোববার আইসিবির সম্মেলনকক্ষে প্রতিষ্ঠানটির পর্ষদ সভায় এই ঘোষণা করা হয় বলে প্রতিষ্ঠানটির জনসংযোগ বিভাগের উপমহাব্যবস্থাপক/সচিব দীপিকা ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আইসিবির মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে প্রথম আইসিবি মিউচুয়াল ফান্ডের জন্য ৬০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া দ্বিতীয় আইসিবি মিউচুয়াল ফান্ডের জন্য ৩০০, তৃতীয় আইসিবি মিউচুয়াল ফান্ডের জন্য ২০০, চতুর্থ আইসিবি মিউচুয়াল ফান্ডের জন্য ১৮৫, পঞ্চম আইসিবি মিউচুয়াল ফান্ডের জন্য ১৭০, ষষ্ঠ আইসিবি মিউচুয়াল ফান্ডের জন্য ১০০, সপ্তম আইসিবি মিউচুয়াল ফান্ডের জন্য ১১০ এবং অষ্টম আইসিবি মিউচুয়াল ফান্ডের জন্য ১০০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।এ ছাড়াও আইসিবি ইউনিট ফান্ডের প্রতিটি ইউনিটের জন্য ৩২ টাকা হারে লভ্যাংশ ঘোষণা করা হয়।এদিকে প্রথম আইসিবি মিউচুয়াল ফান্ডে ঘোষিত ৬০০ শতাংশ লভ্যাংশ ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত কোম্পানি অথবা মিউচুয়াল ফান্ড কর্তৃক ২০১১-১২ অর্থবছরের জন্য এ পর্যন্ত ঘোষিত লভ্যাংশের হারের তুলনায় সর্বোচ্চ বলে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়।পর্ষদ সভায় মধ্যে আইসিবির চেয়ারম্যান অধ্যাপক এস এম মাহফুজুর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামানসহ পরিচালক পর্ষদসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।