আইসিসিবির নেতৃত্বে ভিয়েনায় ৪১ ব্যাংকার

অস্ট্রিয়ার ভিয়েনায় আইসিসি অস্ট্রিয়া আয়োজিত গ্লোবাল ট্রেড ফাইন্যান্স প্রোগ্রাম বা বিশ্ব বাণিজ্য অর্থায়ন কর্মসূচিতে বাংলাদেশর ১৭টি বাণিজ্যিক ব্যাংকের ৪১ জন কর্মকর্তা অংশ নিয়েছেন। তাঁদের অংশগ্রহণের ব্যবস্থা করে আইসিসি বাংলাদেশ। তিন দিনের এই কর্মসূচিতে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলো থেকে দুই শতাধিক ব্যাংকার যোগ দেন।
এই কর্মসূচিতে ব্যাংকাররা লেটার অব ক্রেডিট বা ঋণপত্র (এলসি), ব্যাংক গ্যারান্টি ও ক্রেডিট রিস্ক বা ঋণঝুঁকি নিয়ে আলোচনা করেন।
ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের (আইসিসিবি) সভাপতি মাহবুবুর রহমান ভিয়েনায় এলসি ও আন্তর্জাতিক বাণিজ্য অর্থায়ন সপ্তাহের ১১তম বৈশ্বিক সম্মেলনের সমাপনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন। তিনি বলেন, বাংলাদেশের ব্যাংকিং খাতে অগ্রাধিকার ভিত্তিতে দক্ষতা ও সক্ষমতা বাড়ানো প্রয়োজন। কারণ, বাংলাদেশ এখন বিশ্বের ৪১তম বৃহৎ অর্থনীতি। এ দেশে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) এখন প্রবৃদ্ধি ৭ দশমিক ২ শতাংশ।
মাহবুবুর রহমান জানান, বাংলাদেশের রপ্তানি আয় ৪ হাজার কোটি মার্কিন ডলার এবং আমদানি ব্যয় ৪ হাজার ৩ কোটির ডলার। জিডিপি প্রবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে রপ্তানি ও আমদানি প্রবৃদ্ধির হারও সন্তোষজনকভাবে বৃদ্ধি পাচ্ছে।
সম্মেলনে আইসিসিবির ব্যাংকিং কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ এ. (রুমী) আলী এবং পূবালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হেলাল আহমেদ চৌধুরী বক্তব্য দেন।
এ ছাড়া আইসিসিবির মহাসচিব আতাউর রহমান, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) মো. হাশেম চৌধুরী, এক্সিম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) শাহ মো. আবদুল বারী, সোনালী ব্যাংকের ডিএমডি তরিকুল ইসলাম চৌধুরী ও আমিন উদ্দীন আহমেদ সম্মেলনে যোগ দেন। বিজ্ঞপ্তি।