আউটসোর্সিং থেকে ২০২০ সালে দুই হাজার কোটি ডলার আয় হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ আউটসোর্সিং শিল্প থেকে ২০২০ সাল নাগাদ বছরে ২০ বিলিয়ন বা দুই হাজার কোটি মার্কিন ডলার আয় করবে। সে সময় পোশাক খাতের পর এ শিল্পেই সবচেয়ে বেশি জনশক্তি ব্যবহূত হবে।রাজধানীর একটি হোটেলে গতকাল মঙ্গলবার এরিকসন বাংলাদেশ আয়োজিত ‘লাইফ ইন-২০২০’ শীর্ষক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে টেলিযোগাযোগবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু এমন আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেন, ২০১৪ সালের মধ্যে সব হাইস্কুল ও ইউনিয়ন পরিষদকে তথ্যপ্রযুক্তির আওতায় আনা হবে। অনুষ্ঠানে এরিকসনের ব্যবস্থাপনা পরিচালক পার হেনরিখ নিয়েলসন, দক্ষিণ এশিয়ার যোগাযোগ প্রধান স্টেফানি হাফসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশ নেয় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি), বাংলাদেশ প্রকৌশল ও কারিগরি বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং সাউথইস্ট বিশ্ববিদ্যালয়। এর মধ্যে বিজয়ী হয়েছে বুয়েট। অনুষ্ঠানে ২০২০ সালের জীবনযাপনে তথ্যপ্রযুক্তির প্রভাব কেমন হবে তা নিয়ে প্রতিযোগিতা হয়। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তরুণ প্রযুক্তি শিক্ষাবিদেরা বিভিন্ন ধরনের ধারণা বা প্রজেক্ট উপস্থাপন করেন।হাসানুল হক আরও বলেন, বাংলাদেশে ই-গভর্নেন্স চালু হলে দেশ থেকে দুর্নীতি দূর করা সম্ভব হবে। অর্থনীতিবিদদের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ২০৫০ সাল নাগাদ বাংলাদেশ হবে বিশ্বের ২২তম ধনী রাষ্ট্র। আর ২০২০ সাল নাগাদ কল সেন্টার ও সফটওয়ার আউটসোর্সিং শিল্পে বাংলাদেশ শক্ত অবস্থানে দাঁড়াবে।