আউটসোর্সিংয়ে এমআরপির কাজ চলছে, বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, প্রবাসী শ্রমিকদের কল্যাণে মালয়েশিয়া, সৌদি আরব, আবুধাবি, ওমান ও কাতারে অবস্থানরত বাংলাদেশিদের যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট (এমআরপি) প্রদানের জন্য আউটসোর্সিং পদ্ধতিতে এমআরপি ইস্যুর কাজ চলছে। আন্তর্জাতিক বিভিন্ন সময়সীমা হিসেবে নিয়ে এ ব্যবস্থাকে আরও বেগবান করতে হবে বলেও জানান তিনি।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের বাজেট বক্তৃতায় তিনি এ তথ্য জানান।
অর্থমন্ত্রী বলেন, নিরাপদ অভিবাসন এবং অভিবাসীদের সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে বৈদেশিক কর্মসংস্থান নীতি সময়োপযোগী করার কাজ চলছে।
তবে তাঁর বক্তৃতায় সম্প্রতি মালয়েশিয়া ও থাইল্যান্ডের সমুদ্র উপকূলে মানব পাচার বিষয়ক কিছু নেই।
আবুল মাল আবদুল মুহিত বলেন, অভিবাসন প্রক্রিয়ায় সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ইতিমধ্যে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন ২০১৩ প্রণয়ন করা হয়েছে। অভিবাসনে রিক্রুটিং এজেন্সিসমূহের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে একটি ভিজিলেন্স টাস্ক ফোর্স কাজ করছে। এ ছাড়া শ্রমবাজার সম্প্রসারণ, দক্ষতা উন্নয়ন, নিরাপদ অভিবাসন এবং অভিবাসীদের সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে বৈদেশিক কর্মসংস্থান নীতি সময়োপযোগী করার কাজ চলছে।