আউটসোর্সিংয়ের পরবর্তী গন্তব্য বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশে সরকারের নীতি-সহায়তা প্রয়োজন। কেননা, তথ্যপ্রযুক্তি (আইটি) শিল্পের আউটসোর্সিংয়ের পরবর্তী গন্তব্য হবে বাংলাদেশ।গতকাল শনিবার জিপিআইটি প্রতিষ্ঠানের আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার দ্বিতীয় দিনের প্রথম সেমিনারে বক্তারা এসব কথা জানান। জিপিআইটি দেশের শীর্ষ মুঠোফোন প্রতিষ্ঠান গ্রামীণফোনের সহযোগী প্রতিষ্ঠান। সেমিনারে বক্তারা আরও বলেন, এখনো বাংলাদেশে তথ্যপ্রযুক্তি খাত পিছিয়ে রয়েছে। তথ্যসংক্রান্ত যোগাযোগের চেয়ে বাচনিক যোগাযোগ (কথাবার্তা) অনেক বেশি শক্তিশালী অবস্থানে রয়েছে। আর তাই তথ্যপ্রযুক্তি খাতকে ব্যবহার করে ব্যবসা-বাণিজ্য আরও সহজ করার সুযোগ রয়েছে বলে তাঁরা অভিমত দেন।রাজধানীর বসুন্ধরার জিপি হাউসের মিলনায়তনে গতকাল তিনটি সেমিনার হয়।‘ডিজিটাল বাংলাদেশ তৈরিতে তথ্যপ্রযুক্তি ও টেলিকম শিল্প কী ভূমিকা রাখতে পারে?’ শীর্ষক প্রথম সেমিনারে বক্তব্য দেন জিপিআইটির চেয়ারম্যান ও গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ওডভার হেশজেডাল, টেলিনরের ভাইস প্রেসিডেন্ট ও এশিয়া অঞ্চলের প্রযুক্তিবিষয়ক প্রধান ফোর্ডে স্টুডাল, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) সভাপতি মাহবুব জামান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন কর্মসূচির নীতিবিষয়ক উপদেষ্টা আনির চৌধুরী, বেসরকারি সংস্থা ক্যাটালিস্টের মহাব্যবস্থাপক জিওট ইব্বেইকে। এতে সভাপতিত্ব করেন জিপিআইটির প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী ইসলাম।জিপিআইটির চেয়ারম্যান ওডভার হেশজেডাল বলেন, তথ্যপ্রযুক্তি শিল্পের আউটসোর্সিংয়ের পরবর্তী গন্তব্য হবে বাংলাদেশ। ব্যবসা শুরুর প্রক্রিয়া, তথ্যপ্রযুক্তির নানা সমস্যার সমাধান, স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন ধরনের সেবা দেওয়া সম্ভব হবে এই আউটসোর্সিং ব্যবস্থার মাধ্যমে। এ জন্য সরকারের করনীতিসহ আনুষঙ্গিক নীতি-সহায়তা দেওয়া উচিত।প্রসঙ্গত, আউটসোর্সিং হলো বাংলাদেশ থেকে বাইরের বিভিন্ন দেশে তথ্যপ্রযুক্তি-সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান।জিপিআইটির চেয়ারম্যান আরও বলেন, অবকাঠামো দুর্বলতা ও বিদ্যুৎ-সংকটের পাশাপাশি তথ্যপ্রযুক্তি খাতেও দুর্বলতা রয়েছে, যা ব্যবসা-বাণিজ্যকে আরও সহজ করতে পারছে না। তথ্যপ্রযুক্তিশিল্পের উন্নয়নে রাজনৈতিক নেতৃত্বকে এগিয়ে আসতে হবে।টেলিনরের ভাইস প্রেসিডেন্ট ফোর্ডে স্টুডাল বলেন, ‘আমরা এ দেশে বাচনিক যোগাযোগের মতো তথ্যপ্রযুক্তিশিল্পেও একই ধরনের পথপরিক্রমা পাড়ি দিতে চাই।’মাহবুব জামান বলেন, একসময় টেলিফোনকে বলা হতো দূরালাপনী, কিন্তু এখন তা মানুষের লাইফ স্টাইলে পরিণত হয়েছে। মুঠোফোনের ব্যবহারের চক্রবৃদ্ধিতে বাংলাদেশের প্রায় সাত কোটি লোক সম্পৃক্ত হয়েছে।আনির চৌধুরী বলেন, এখনো তথ্যপ্রযুক্তি খাতের প্রতিষ্ঠানগুলোর কাঙ্ক্ষিত গ্রাহক হলো দেশের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান। কিন্তু এই অবস্থার পরিবর্তন ঘটিয়ে ব্যক্তিপর্যায়ের গ্রাহক তৈরি করতে হবে। গ্রামীণফোনের উদাহরণ দিয়ে আনির চৌধুরী বলেন, এই প্রতিষ্ঠান সাধারণ মানুষের কাছে মুঠোফোন নিয়ে যেতে পেরেছে। তথ্যপ্রযুক্তি বিকাশেও জিপিআইটি একই ধরনের ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।কাজী ইসলাম তাঁর বক্তব্যে বলেন, শিল্প খাত সাধারণত কর্মসংস্থান করে। কিন্তু এখন শিল্প খাত বিশেষায়িত স্নাতকধারীর চাহিদা তৈরি করছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় টেলিযোগাযোগ বিষয়ে স্নাতক পর্যায়ে পড়ালেখার সুযোগ তৈরি করেছে।দিনের দ্বিতীয় সেমিনারের বিষয়বস্তু ছিল আইটি শিল্পের ভবিষ্যৎ। এতে বক্তব্য দেন ডব্লিউআইপিআরওর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পানদুরান দেশাই, ওরাকলের পরামর্শক কাশিফ সিদ্দিক, হুয়াইয়ের আঞ্চলিক বিক্রয় পরিচালক জেফ হুং, এইচপির কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ এ রব।উল্লেখ্য, গত শুক্রবার গ্রামীণফোনের প্রথম অফশুট কোম্পানি জিপিআইটির যাত্রা শুরু হয়। জিপি হাউসে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ জমির।জিপিআইটি একটি আন্তর্জাতিক বিজনেস টু বিজনেস কোম্পানি। জিপিআইটির লক্ষ্য হচ্ছে, স্থানীয় বাজারে এন্টারপ্রাইজ গ্রেড আইটি সফটওয়্যার ও ম্যানেজড সলিউশন খাতে নেতৃত্ব দেওয়া।