দেশের সব অঞ্চলের মানুষের মধ্যে প্রতিবছরই বাজেটে আঞ্চলিক উন্নয়নে নতুন প্রত্যাশা ও আকাঙ্ক্ষা তৈরি হয়। তবে শেষ পর্যন্ত তা পূরণ হয়নি বলে মনে করেন সিলেটের ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার লোকজন। সার্বিকভাবেও বাজেটে নতুন কোনো সুখবর নেই, বরং বাড়তি করের বোঝা রয়েছে বলে তাঁরা উল্লেখ করেন।
সিলেট হাওরসমৃদ্ধ অঞ্চল। তাই হাওর উন্নয়নে আলাদা বরাদ্দের দাবি ছিল অনেকের। কিন্তু তা না থাকায় তাঁরা ক্ষোভ প্রকাশ করেছেন। এমনই একজন পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থা সিলেটের সভাপতি কাসমির রেজা। তিনি বলেন, ‘হাওরবাসীর জন্য সুখবর নেই। কোনো প্রত্যাশাই পূরণ হয়নি। নেই হাওর উন্নয়ন মহাপরিকল্পনার জন্য আলাদা বরাদ্দ।’
সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম মনে করেন, জনগণের ওপর করের বোঝা চাপিয়ে এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে। তাই এটাকে কোনোভাবেই গণমুখী বাজেট বলা যায় না। তিনি বলেন, গত বছর সরকারি কর্মচারীদের বেতন বাড়ানো হয়। এতে মূল্যস্ফীতি দেখা দেয়। সেই অবস্থা থেকে কীভাবে জনগণের উত্তরণ ঘটবে, বাজেটে সে বিষয়ে দিকনির্দেশনা থাকা প্রয়োজন ছিল। কিন্তু সেটি নেই।
আগামী ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে আঞ্চলিক উন্নয়নে বরাদ্দ দেখতে চেয়েছিলেন সিলেটের করিমউল্লাহ মার্কেটের ব্যবসায়ী হুমায়ূন চৌধুরী। কিন্তু বাজেটে তা দেখতে পাননি। তিনি বলেন, ‘সিলেটের অনেক লোক দেশের বাইরে থাকেন। তাঁদের চাহিদা অনুযায়ী এই অঞ্চলের কিছু পণ্য রপ্তানির ক্ষেত্রে বাজেটে সুনির্দিষ্ট নির্দেশনা রাখার দাবি ছিল আমাদের। সেটি আমরা পাইনি।’
বাজেটে সংস্কৃতি খাতে যে বরাদ্দ দেওয়া হয়, তা সমবণ্টনের দাবি জানালেন সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত। তিনি বলেন, এ খাতে তৃণমূল পর্যায়ে বরাদ্দ বাড়ানো দরকার।
নারী উদ্যোক্তা নাজমা পারভীন বলেন, বাজেটে নারী উদ্যোক্তাদের অনুপ্রেরণার জন্য বিশেষ কিছু থাকা প্রয়োজন ছিল। তিনি আরও বলেন, ‘নারীদের স্বাবলম্বী করতে বাজেটে নির্দেশনা থাকলে খুশি হতাম।’
কয়লা আমদানিকারক চৌধুরী শাহিন বলেন, ‘কয়লা আমদানি দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাজেটে এ বিষয়ে নজর দিয়ে সুযোগ-সুবিধা বাড়ালে ভারতের সেভেন সিস্টারখ্যাত এসব রাজ্যের সঙ্গে সিলেটের ব্যবসা-বাণিজ্যের নতুন দিক উন্মোচিত হতো।’