আকারের চেয়ে বাজেটের কাঠামোগত মান বৃদ্ধির প্রস্তাব সিপিডির
২০১৬-১৭ অর্থবছরের বাজেটের আকারের চেয়ে কাঠামোগত ও গুণগত মান বৃদ্ধির প্রস্তাব করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। গবেষণা সংস্থাটি বলছে, বাজেটের বাস্তবায়ন এবং যে প্রাক্কলন করা হয়, তার মধ্যে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে।
আগামী অর্থবছরে বাজেটের সম্ভাব্য যে আকার বলা হচ্ছে, সেটিকে বড়কে করে দেখছে না সিপিডি। তাদের মতে, আমাদের সামগ্রিক অর্থনীতির যে আকার, তার তুলনায় বাজেটের আকার খুব বড় কিছু নয়।
আজ রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আগামী অর্থবছরের বাজেট সম্পর্কে এক সংবাদ সম্মেলনে সিপিডির এসব প্রস্তাব তুলে ধরেন গবেষণা সংস্থাটির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। লিখিত সুপারিশ উপস্থাপন করেন অতিরিক্ত গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খান। স্বাগত বক্তব্য দেন নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান।
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, নতুন বাজেট দেওয়া হয়, সেখানে কিছু অর্জনের প্রাক্কলন করা হয়। কিন্তু শেষ পর্যন্ত দেখা যায়, আগের বছরের বাস্তবায়নের হারের সঙ্গে সংগতিপূর্ণ হয় না। তাই বাজেট করা উচিত বাস্তবায়নের সক্ষমতার নিরিখে। অর্থনীতির সমন্বয় বৃদ্ধি ও আর্থিক খাতে নানান ঘটনায় মধ্যে দেখা যায়, অর্থনীতির নেতৃত্ব ও সমন্বয়ের ক্ষেত্রে একধরনের বিভ্রান্তিকর পরিস্থিতি বিরাজ করছে।
দেশ থেকে অর্থ বাইরে চলে যাচ্ছে। সেটি রোধ করতে হলে আয় ও সম্পত্তি দুটোই আইনি কাঠামোর মধ্যে আনতে হবে। এ জন্য অর্থনীতির খাতে সমন্বয় বাড়ানোর তাগিদ দিয়েছে সংস্থাটি। একই সঙ্গে আর্থিক খাতের সংস্কারের জন্য একাধিক কমিশন গঠনের সুপারিশ করা হয়েছে।