আকাশপথে বাড়তি চাপ, বাড়ল বিমান ভাড়া

টানা অবরোধে দূরপাল্লার বাস খুব একটা চলছে না। ট্রেনে নাশকতার ঘটনা ঘটছে। তাই বিকল্প হিসেবে সামর্থ্যবান মানুষেরা বিমানের দিকেই ঝুঁকছেন। ফলে আকাশপথে ভ্রমণের হার বেড়েছে। আর এই সুযোগে ভাড়া বাড়িয়ে দিয়েছে বেসরকারি দুই বিমান সংস্থা।
অবশ্য, শুধু ভাড়া বাড়িয়ে নয়, নিম্ন শ্রেণীর (ভাড়া কম) আসনের টিকিট বিক্রি বন্ধ করেও কৌশল করছে প্রতিষ্ঠানগুলো। এতে যাত্রীরা স্বাভাবিকভাবেই বঞ্চিত হচ্ছেন। কারণ, বেশি টাকা দিয়ে উচ্চ শ্রেণীর আসনের টিকিট কিনলেও যাত্রীরা এর জন্য বাড়তি কোনো সুবিধা পাচ্ছেন না।
দেশের অভ্যন্তরে বেসরকারি বিমান পরিচালনাকারী তিনটি প্রতিষ্ঠান ও ট্রাভেল এজেন্সির কর্মকর্তা ও কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে। তাঁরা বলছেন, চলমান রাজনৈতিক অস্থিরতায় আগের চেয়ে আকাশপথে ভ্রমণ ও পণ্য পরিবহনের হার বেড়েছে। পাশাপাশি ভাড়াও বেড়েছে পাল্লা দিয়ে।
খোঁজ নিয়ে জানা যায়, ইউনাইটেড ১ ডিসেম্বর ও রিজেন্ট ৯ ডিসেম্বর থেকে বর্ধিত ভাড়া কার্যকর করেছে। তবে অভ্যন্তরীণ রুটে বিমান পরিচালনাকারী আরেক প্রতিষ্ঠান নভো এয়ার এই রাস্তায় হাঁটেনি। অবশ্য চলতি বছর কার্যক্রম শুরু করা প্রতিষ্ঠানটি প্রথম থেকেই তুলনামূলক বেশি ভাড়া আদায় করে আসছে।
ঢাকা-চট্টগ্রাম আকাশপথে রিজেন্ট এয়ারওয়েজের ইকোনমি শ্রেণীর সর্বনিম্ন ভাড়া (একমুখী) এখন পাঁচ হাজার টাকা। আগে এই ভাড়া ছিল সব মিলিয়ে (মাশুল, শুল্কসহ) চার হাজার টাকা। একই গন্তব্যে বিজনেস ক্লাস বা অভিজাত শ্রেণীর বর্তমান ভাড়া এক হাজার টাকা বাড়িয়ে আট হাজার টাকা করা হয়েছে। রিজেন্টের সর্বোচ্চ ভাড়া বেড়েছে ঢাকা-কক্সবাজার আকাশপথে অভিজাত শ্রেণীতে। এই পথে দেড় হাজার টাকা বাড়িয়ে বর্তমান ভাড়া সাড়ে আট হাজার করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-কক্সবাজার ছাড়াও রিজেন্ট এয়ারওয়েজ ঢাকা-সিলেট ও যশোর পথে প্রতিদিন বিমান পরিচালনা করে থাকে। এর মধ্যে যশোরের পথে ইকোনমি শ্রেণীর সর্বনিম্ন ভাড়া ৬০০ টাকা বাড়িয়ে বর্তমানে তিন হাজার ৮০০ টাকা করা হয়েছে।
একাধিক ট্রাভেল এজেন্সির কর্মকর্তা জানিয়েছেন, রিজেন্ট এয়ারের ইকোনমি শ্রেণীর মধ্যে বেশ কয়েকটি ভাগ রয়েছে। বিভিন্ন রুটে যার ভাড়া বেড়ে সর্বনিম্ন ৩৮০০ টাকা থেকে সর্বোচ্চ সাত হাজার ৭০০ টাকা করা হয়েছে। তবে বেশির ভাগ ক্ষেত্রেই সর্বনিম্ন ভাড়ার টিকিট পাওয়া যাচ্ছে না।
রিজেন্টের বিপণন বিভাগের কর্মকর্তা তানজিল চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘বিমানের ব্যবসার ক্ষেত্রে শীতকালীন সময়কে ভরা মৌসুম হিসেবে গণ্য করা হয়। এই সময়ে চাহিদা বেড়ে যায়। তাই কিছুটা ভাড়া বাড়ানো হয়ে থাকে।’ তিনি এ-ও জানান, দেশের চলমান রাজনৈতিক সহিংসতার কারণে অভ্যন্তরীণ রুটে যাত্রীর সংখ্যা কিছুটা বেড়েছে। পাশাপাশি কুরিয়ার সার্ভিসের মতো প্রতিষ্ঠান বিমানে বিভিন্ন ধরনের জরুরি কাগজপত্র বা চিঠিপত্র পরিবহন করছে।
এদিকে ঢাকা-চট্টগ্রাম আকাশপথে ইউনাইটেড এয়ারওয়েজের সর্বোচ্চ (বর্তমানে ‘ও’ শ্রেণী, আগের ‘ডব্লিউ’) ভাড়া এখন সাত হাজার ৯০০ টাকা, যা আগে ছিল সব মিলিয়ে পাঁচ হাজার ৮০০ টাকা। তার মানে, ভাড়া বৃদ্ধি করা হয়েছে দুই হাজার ১০০ টাকা। একই গন্তব্যে সর্বনিম্ন শ্রেণীর ভাড়া (বর্তমানে ‘কিউ’ শ্রেণী, আগের ‘কে’) হচ্ছে চার হাজার ৩২৫ টাকা। চলতি বছরের এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত এই ভাড়া ছিল মাত্র তিন হাজার টাকা।
এ ছাড়া ইউনাইটেড ঢাকা-কক্সবাজার পথে ৯৫০ থেকে ১০২৫, ঢাকা-যশোর পথে ৮৩০ থেকে ১৩৭৫, ঢাকা-সিলেট পথে ৮২৫ থেকে ১৯০০, ঢাকা-সৈয়দপুর পথে ৭৫০ থেকে ১২৫০, ঢাকা-রাজশাহী পথে ৩২৫ থেকে ৮২০ এবং ঢাকা-বরিশাল ১৭৫ থেকে ১৩৭৫ টাকা পর্যন্ত ভাড়া বাড়িয়েছে।
ইউনাইটেড এয়ারওয়েজের জনসংযোগ বিভাগের সহকারী মহাব্যবস্থাপক কামরুল ইসলাম বলেন, ‘চলমান রাজনৈতিক সহিংসতার কারণে অভ্যন্তরীণ বিভিন্ন রুটে বিমানের যাত্রীসংখ্যা ২০ থেকে ৩০ শতাংশ বেড়েছে। আগে যেখানে ৬০ থেকে ৭০ শতাংশ যাত্রী হতো, সেখানে এখন তা বেড়ে ৯০ শতাংশে ছাড়িয়েছে।’ তিনি দাবি করেন, ‘গত নভেম্বর থেকে শীতকালীন মৌসুম সামনে রেখে বিভিন্ন রুটে ভাড়া কিছুটা বাড়ানো হয়েছে।’
বেসরকারি এই তিন প্রতিষ্ঠানের মধ্যে অভ্যন্তরীণ রুটে সবচেয়ে বেশি বিমান পরিচালনা করে ইউনাইটেড এয়ারওয়েজ। প্রতিষ্ঠানটি আটটি রুটে বিমান পরিচালনা করে থাকে। রিজেন্ট আর নভো এয়ার চারটি করে রুটে বিমান পরিচালনা করে।
নভো এয়ারের বিক্রয় ও বিপণন বিভাগের সহকারী ব্যবস্থাপক মাহফুজুল আলম বলেন, ‘আমাদের বিমান পরিচালনা করা হয় জেট ইঞ্জিনে। এতে জ্বালানি খরচ বেশি। তাই অন্যদের চেয়ে আমাদের ভাড়া একটু বেশি।’
বিমান ভাড়ার চালচিত্র
ইউনাইটেড এয়ারওয়েজ
ঢাকা-চট্টগ্রাম আকাশপথে সর্বোচ্চ ২,১০০ টাকা ও অন্যান্য পথে ১৭৫ থেকে ১,৯০০ টাকা বৃদ্ধি করেছে
রিজেন্ট এয়ারওয়েজ
ঢাকা-কক্সবাজার পথে সর্বোচ্চ ১,৫০০ টাকা এবং চট্টগ্রাম, যশোর ও সিলেট পথে ৬০০ থেকে ১,০০০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে
নভো এয়ার
শুরু থেকেই বেশি ভাড়া নিচ্ছে। ঢাকা- চট্টগ্রাম, সিলেট, যশোর ও কক্সবাজার পথের ভাড়া ৪,০০০ থেকে ৫,৮০০ টাকা
সড়ক ও রেলপথে ভাঙচুর ও নাশকতার কারণে সামর্থ্যবানেরা বিমানে ঝুঁকছেন
বিমান সংস্থাগুলো কৌশলে নিম্নশ্রেণীর আসনের টিকিট বিক্রি বন্ধ করে দিয়েছে। বেশি দামের টিকিট কিনে বাড়তি সুবিধা পাচ্ছেন না যাত্রীরা
“চলতি মাসেই ইউনাইটেড ও রিজেন্ট এয়ারের ভাড়া বাড়ানো হয়েছে
আমির হোসেন
ব্যবস্থাপক, ওভারসিজ লিংকস