আকাশপথে ভ্রমণে খরচ বাড়বে
আকাশপথে বিদেশ ভ্রমণে খরচ বাড়বে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, উত্তর ও দক্ষিণ আমেরিকা এবং ইউরোপের দেশগুলোতে ৫০০ এবং সার্কভুক্ত দেশগুলোতে এখন ২০০ টাকা করে বাড়তি ভ্রমণ কর দিতে হবে। আগামী ২০১২-১৩ অর্থবছরের বাজেট ঘোষণার সময় অর্থমন্ত্রী এই বাড়তি করারোপের প্রস্তাব করেছেন। উত্তর ও দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড এবং ইউরোপের দেশগুলোতে ভ্রমণ করতে গেলে এখন যাত্রীপ্রতি তিন হাজার টাকা ভ্রমণ কর দিতে হবে। আগে এই হার ছিল দুই হাজার ৫০০ টাকা। সার্কভুক্ত দেশগুলোতে ভ্রমণ করতে হলে এক হাজার টাকা কর দিতে হবে, যা আগে দিতে হতো ৮০০ টাকা। এ ছাড়া অন্যান্য দেশে ভ্রমণে দুই হাজার টাকা হারে কর বসেছে, যা আগে এক হাজার ৮০০ টাকা দিতে হতো। যেকোনো এয়ারলাইনস সাধারণত যাত্রীদের কাছে টিকেট বিক্রির সময় এই ভ্রমণ কর কেটে রাখে। পরে তা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়। তবে স্থল ও জলপথে ভ্রমণ করের হার পরিবর্তন করা হয়নি। তাই যাত্রীদের স্থলপথে ভ্রমণে ৫০০ ও জলপথে ৮০০ টাকা হারেই কর দিতে হবে। তবে ১২ বছরের কম বয়সী যাত্রীদের ক্ষেত্রে জল, স্থল ও আকাশপথে ভ্রমণ কর প্রযোজ্য হারের অর্ধেক হবে। প্রসঙ্গত, আগামী অর্থবছরে ভ্রমণ করসহ অন্যান্য শুল্ক করাদি আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯৫৯ কোটি টাকা। এর প্রায় পুরোটাই ভ্রমণ করের লক্ষ্যমাত্রা। চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) ভ্রমণ কর বাবদ ৩৯৩ কোটি ১২ লাখ টাকা আদায় হয়েছে। আর অন্যান্য কর বাবদ আদায় হয়েছে মাত্র সাত লাখ টাকা।