আকাশে ডানা মেলল নভো এয়ারের বিমান
আকাশপথে যাত্রীসেবার দৃঢ় প্রত্যয় নিয়ে আকাশে ডানা মেলল বেসরকারি বিমান সংস্থা নভো এয়ার।ঢাকা-চট্টগ্রাম গন্তব্যে ফ্লাইট চালুর মধ্য দিয়ে গতকাল বুধবার সকালে নতুন বিমান সংস্থাটির উড্ডয়ন উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী এম ফারুক খান। এ সময় তিনি দেশের অভ্যন্তরীণ গন্তব্যে টিকিটের দাম সহনীয় পর্যায়ে রাখার জন্য নভো এয়ার কর্তৃপক্ষকে অনুরোধ জানান বিমানমন্ত্রী। নভো এয়ারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) গ্রুপ ক্যাপ্টেন (অব.) মফিজুর রহমান বলেন, যাত্রীদের আরাম ও নিরাপদ ভ্রমণের জন্য প্রতিটি ৪৯ আসনের ইএমবি-১৪৫ মডেলের দুটি উড়োজাহাজ বহরে আনা হয়েছে। শুরুতে প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রামে চারটি, কক্সবাজার ও যশোরে একটি করে ফ্লাইট পরিচালনা করা হবে। বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিভিল এভিয়েশন) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মাহমুদ হোসেন। এ ছাড়া সিভিল এভিয়েশন, বাংলাদেশ বিমান ও দেশের অন্যান্য বেসরকারি বিমান সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।