আকিক অ্যাপারেল নিয়ে বিজিএমইএতে অবস্থান অবশেষে সমঝোতা
গত আগস্ট ও চলতি মাসের মজুরি ও ঈদ বোনাসের দাবিতে গত দুই দিন কার্যালয়ের সামনে অবস্থান করেন মিরপুরের আকিক অ্যাপারেলের কয়েক শ শ্রমিক। অবশেষে শ্রমিক সংগঠনের নেতা ও বিজিএমইএর হস্তক্ষেপে গতকাল রোববার মালিকপক্ষ শ্রমিকদের দাবির একাংশ মেনে নেন।
কারখানাটির একাধিক শ্রমিকেরা জানান, গত মাসের মজুরি দিতে মালিকপক্ষ ১০, ১২ ও ১৮ সেপ্টেম্বর সময় দেয়। তবে শেষ পর্যন্ত মজুরি না দিলে শ্রমিকেরা আন্দোলনে নামেন। এর পরিপ্রেক্ষিতে গত শনিবার কর্তৃপক্ষ কারখানা বন্ধ ঘোষণা করেন। ওই দিনই শ্রমিকেরা সকাল থেকে দুপুর পর্যন্ত কারওয়ান বাজারে তৈরি পোশাকমালিকদের সংগঠন বিজিএমইএ কার্যালয়ের সামনে অবস্থান করেন। তবে সেদিন সমস্যার সমাধান না হলে গতকাল আবার দুপুর থেকে অবস্থান নেন শ্রমিকেরা।
পরে বিজিএমইএ উদ্যোগ নিয়ে কারখানা মালিক, বেশ কয়েকজন শ্রমিক ও কয়েকটি শ্রমিক সংগঠনের নেতাদের নিয়ে বৈঠক করে। বিজিএমইএ ভবনের নিচতলায় বিকেল থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত বৈঠক শেষে সমঝোতা হয়। রাত আটটার দিকে সমঝোতা স্মারকে সই করেন তিন পক্ষের লোকজন।
সমঝোতা অনুযায়ী, আজ সোমবার থেকে কারখানা আবার চলবে। ২৫ সেপ্টেম্বর গত মাসের মজুরি দেওয়া হবে। আর ৩ অক্টোবর চলতি মাসের মজুরির ৫০ শতাংশ ও ঈদ বোনাস পরিশোধ করবে মালিকপক্ষ।
অবশ্য বৈঠকে উপস্থিত শ্রমিকদের পক্ষ থেকে বাকি ৫০ শতাংশ মজুরির ব্যাপারে সুস্পষ্ট ঘোষণা ও কোনো শ্রমিক ছাঁটাই না করার দাবি জানালেও মালিকপক্ষ কিছু বলেনি।
এ সময় আকিকের চেয়ারম্যান আশীষ কুমার সাহার সঙ্গে কথা বলতে চাইলেও তিনি কৌশলে চলে যান। এর আগে সাংবাদিক পরিচয় দিয়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এম এ খাজা বিন সলিমের সঙ্গে কথা বলতে চাইলে তিনি সংবাদ না করার অনুরোধ করেন এবং উৎকোচ দেওয়ার চেষ্টা করেন। তাতে ব্যর্থ হয়ে নিজের ছেলের অসুস্থতার কথা বলে তিনি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
জানতে চাইলে বিজিএমইএর যুগ্ম সচিব (শ্রমিক) মো. রফিকুল ইসলাম বলেন, আর্থিক সংকটের কারণে সময়মতো মালিকপক্ষ মজুরি দিতে পারেনি।