আকুতে কমে গেছে বাংলাদেশের লেনদেন
বাংলাদেশসহ নয়টি দেশের অলিখিত বাণিজ্য জোট হিসেবে পরিচিত আকুতে (এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন) চলতি বছরের প্রথম দুই মাসে বাংলাদেশের সার্বিক লেনদেন কমে গেছে।আকুর হালনাগাদ মাসিক প্রতিবেদন থেকে দেখা যায়, ২০১২ সালের জানুয়ারি-ফেব্রুয়ারি সময়কালে আকুতে বাংলাদেশের মোট লেনদেন গত বছরের একই সময়ের চেয়ে ১৩ দশমিক ২০ শতাংশ।এই সময়কালে আকুতে বাংলাদেশের রপ্তানি কমেছে ৪৪ দশমিক ২১ শতাংশ। ওই পরিসংখ্যান অনুসারে, এ বছরের প্রথম দুই মাসে আকুতে বাংলাদেশের রপ্তানি মূল্য দাঁড়িয়েছে দুই কোটি ৮৪ লাখ ডলার, যেখানে গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল পাঁচ কোটি নয় লাখ ডলার।অন্যদিকে আলোচ্য সময়কালে আকুভুক্ত দেশগুলো থেকে বাংলাদেশের মোট আমদানি দাঁড়িয়েছে প্রায় ৯২ কোটি ডলার। ২০১১ সালের জানুয়ারি-ফেব্রুয়ারি সময়কালে এর পরিমাণ ছিল ১০৪ কোটি ৪০ লাখ ডলার। অর্থাৎ আমদানি কমে গেছে ১১ দশমিক ৭০ শতাংশ।পরিসংখ্যান পর্যালোচনায় দেখা যায়, দুই মাসে ভুটান, শ্রীলঙ্কা ও মিয়ানমার ছাড়া সদস্যভুক্ত আর সবগুলো দেশের লেনদেন কমে গেছে। এ দেশগুলো হলো ভারত, ইরান, পাকিস্তান, নেপাল, মালদ্বীপ ও বাংলাদেশ। উল্লিখিত নয়টি দেশ বর্তমানে আকুর সদস্য।দেশগুলোর মধ্যে আন্তর্জাতিক লেনদেন সহজ করা ও পারস্পরিক বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমানোর জন্য আকু গঠন করা হয় ১৯৭৫ সালে। একে পরোক্ষভাবে একটি বাণিজ্য জোট হিসেবেও বিবেচনা করা হয়। আকুতে মার্কিন ডলারের পাশাপাশি ইউরোর মাধ্যমেও লেনদেন নিষ্পন্ন করার সুযোগ রয়েছে।সদস্য দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো এই লেনদেনের প্রক্রিয়াটি সমন্বয় করে থাকে। আর এই লেনদেনের হিসাবটি আকুতে ঋণ নেওয়া ও ঋণ দেওয়ার আকারে সম্পন্ন হয়। যারা ঋণ নেয় তাদের একটি নির্দিষ্ট হারে সুদ দিতে হয়। ঋণ নেওয়াকে আমদানি ও ঋণ দেওয়াকে রপ্তানির সূচক হিসেবে গণ্য করা হয়।