আকুতে বাংলাদেশের লেনদেন কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশসহ নয়টি দেশের অলিখিত বাণিজ্য জোট হিসেবে পরিচিত আকুতে (এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন) বাংলাদেশের লেনদেন চলতি বছরের প্রথম পাঁচ মাসে প্রায় আড়াই শতাংশ কমেছে। আর এই সময়কালে সার্বিকভাবে আকুর লেনদেন কমেছে প্রায় সাড়ে ১৫ শতাংশ। ইরানের রাজধানী তেহরানে অবস্থিত আকুর সচিবালয়ের মে মাসের প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে। এতে দেখা যায়, আকুভুক্ত দেশগুলো থেকে বাংলাদেশ জানুয়ারি-মে সময়কালে প্রায় ২০১ কোটি ডলারের পণ্যসেবা আমদানি করেছে। আগের, অর্থাৎ ২০১২ সালের একই সময়ে এর পরিমাণ ছিল ২০৪ কোটি ৬৫ লাখ ডলার। অর্থাৎ আমদানি কমেছে প্রায় ২ শতাংশ। আলোচ্য বছরে আকুভুক্ত দেশগুলোতে বাংলাদেশের পণ্যসেবা রপ্তানির পরিমাণ ছিল মাত্র সাত কোটি ডলার। তার আগের বছর একই সময়ে এর পরিমাণ ছিল আট কোটি ৩৭ লাখ ডলার। অর্থাৎ রপ্তানি কমেছে প্রায় ১৬ শতাংশ। সুদসহ আমদানি-রপ্তানি মিলিয়ে গত বছর আকুর মাধ্যমে বাংলাদেশের মোট লেনদেন হয়েছে ২০৮ কোটি ডলার, যা ২০১২ সালের জানুয়ারি-মে সময়কালের চেয়ে প্রায় আড়াই শতাংশ কম। গত বছরের পাঁচ মাসে আকুতে বাংলাদেশের মোট লেনদেন ছিল ২১৩ কোটি ডলার। পরিসংখ্যান পর্যালোচনায় আরও দেখা যায়, এই সময়কালে আকুর সদস্যদেশগুলোর মধ্যে শুধু ভুটান, মালদ্বীপ, নেপাল ও পাকিস্তানের বাণিজ্যিক লেনদেন বেড়েছে। এদের মধ্যে পাকিস্তান বাদে প্রতিটি দেশের লেনদেন দুই কোটি ডলারের নিচে। মূলত ইরানের সঙ্গে বাণিজ্যিক লেনদেনে আমেরিকাসহ পশ্চিমা বিশ্বের নানা ধরনের কঠোর নিষেধাজ্ঞা সদস্যদেশগুলোকে ইরানের সঙ্গে লেনদেনে নিরুৎসাহিত করেছে।আর এই সময়কালে আকুতে ইরানের লেনদেন শতভাগ কমে গেছে। বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মিয়ানমার, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ—এই নয়টি দেশ বর্তমানে আকুর সদস্য।