আকুতে বাংলাদেশের লেনদেন বাড়ছে না
বাংলাদেশসহ নয়টি দেশের অলিখিত বাণিজ্য জোট হিসেবে পরিচিত আকুতে (এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন) বাংলাদেশের লেনদেন চলতি বছরের প্রথমার্ধে প্রায় ২ শতাংশ কমেছে। আর এই সময়ে সার্বিকভাবে আকুর লেনদেন কমেছে ২০ শতাংশ।
ইরানের রাজধানী তেহরানে অবস্থিত আকুর সচিবালয়ের জুন মাসের প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে। এতে দেখা যায়, আকুভুক্ত দেশগুলো থেকে বাংলাদেশ জানুয়ারি-জুন সময়ে প্রায় ২৩৫ কোটি ৮০ লাখ ডলারের পণ্যসেবা আমদানি করেছে। আগের অর্থাৎ ২০১২ সালের একই সময়ে এর পরিমাণ ছিল প্রায় ২৩৯ কোটি ডলার। অর্থাৎ আমদানি কমেছে প্রায় দেড় শতাংশ।
আবার চলতি বছরের প্রথমার্ধে আকুভুক্ত দেশগুলোতে বাংলাদেশের পণ্যসেবা রপ্তানির পরিমাণ ছিল সাড়ে ৭ কোটি ডলার। তার আগের বছর একই সময়ে এর পরিমাণ ছিল প্রায় সাড়ে নয় কোটি ডলার। অর্থাৎ রপ্তানি কমেছে ১৬ শতাংশ।
সুদসহ আমদানি-রপ্তানি মিলিয়ে গত বছর আকুর মাধ্যমে বাংলাদেশের মোট লেনদেন হয়েছে ২৪৩ কোটি ৩৭ লাখ ডলার, যা ২০১২ সালের জানুয়ারি-জুন সময়ের চেয়ে প্রায় ২ শতাংশ কম। গত বছরের প্রথম ছয় মাসে আকুতে বাংলাদেশের মোট লেনদেন ছিল ২৪৮ কোটি ৪১ লাখ ডলার।
অবশ্য এর মধ্যে সুদ বাবদ লেনদেনও অন্তর্ভুক্ত রয়েছে।
পরিসংখ্যান পর্যালোচনায় আরও দেখা যায় যে এই সময়ে আকুর সদস্য দেশগুলোর মধ্যে শুধু ভুটান, মালদ্বীপ, নেপাল ও পাকিস্তানের বাণিজ্যিক লেনদেন বেড়েছে। এদের মধ্যে পাকিস্তান বাদে প্রত্যেকের লেনদেন দুই কোটি ডলারের নিচে।
মূলত ইরানের সঙ্গে বাণিজ্যিক লেনদেনে আমেরিকাসহ পশ্চিমা বিশ্বের নানা ধরনের কঠোর নিষেধাজ্ঞা সদস্য দেশগুলোকে ইরানের সঙ্গে লেনদেনে নিরুৎসাহিত করেছে। যদিও বাংলাদেশসহ কয়েকটি দেশ সরাসরি ইরানের সঙ্গে কোনো বাণিজ্য করে না।
তবে এই সময়ে আকুতে ইরানের লেনদেন শতভাগ কমে গেছে। গত বছরের প্রথম ছয় মাসে ৯৬ কোটি ১৪ লাখ ডলারের লেনদেন চলতি বছরের প্রথম ছয় মাসে নেমে এসেছে মাত্র ৩৯ লাখ ডলারে।
বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মিয়ানমার, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ—এই নয়টি দেশ বর্তমানে আকুর সদস্য।
সদস্য দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো এই লেনদেনের প্রক্রিয়াটি সমন্বয় করে থাকে। আর এই লেনদেনের হিসাবটি আকুতে ঋণ গ্রহণ ও ঋণ প্রদানের আকারে সম্পন্ন হয়। যারা ঋণ গ্রহণ করে তাদের একটি নির্দিষ্ট হারে সুদ প্রদান করতে হয়। ঋণ গ্রহণকে আমদানি ও ঋণ প্রদানকে রপ্তানির সূচক হিসেবে গণ্য করা হয়।