আকুর লেনদেনে ইউরো বন্ধ করল বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশসহ নয়টি দেশের অলিখিত বাণিজ্য জোট হিসেবে পরিচিত এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) লেনদেনে ইউরোর ব্যবহার বন্ধ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ডয়েসে বুন্দেস ব্যাংকের চিঠির পরিপ্রেক্ষিতে ভারত ও শ্রীলঙ্কার পর বাংলাদেশও ইউরোতে লেনদেন বন্ধ করল। কেন্দ্রীয় ব্যাংকের এক প্রজ্ঞাপনে বৈদেশিক মুদ্রার অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে গতকাল বুধবার ইউরো লেনদেন বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আকুর ইউরো হিসাব বন্ধ করে দেওয়া হয়েছে। ব্যাংকগুলোকে আকুর লেনদেন ইউরোতে না করার নির্দেশ দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, আকুতে ইউরো লেনদেন সম্পন্ন হয় ডয়েসে বুন্দেস ব্যাংকের মাধ্যমে। সম্প্রতি ব্যাংকটি চিঠি দিয়ে আকুর সদস্যভুক্ত নয়টি দেশকে জানিয়েছে, আকুর অর্থ পরিশোধে ইউরোর ব্যবহারে ব্যাংকটি আগ্রহী নয়। এর পরিপ্রেক্ষিতে সম্প্রতি ভারত ও শ্রীলঙ্কা আকুর লেনদেন ইউরোর ব্যবহার বন্ধ করে দিয়েছে। গতকাল বাংলাদেশও একইভাবে আকুর লেনদেনে ইউরোর ব্যবহার বন্ধ করে দিয়েছে।