আখাউড়া থেকে লাকসামে দ্বৈত রেলপথ হচ্ছে
আখাউড়া থেকে লাকসাম পর্যন্ত দ্বৈত রেলপথ হবে। প্রতিটি লাইনই হবে ডুয়েল গেজ এবং তাতে মিটারগেজ ও ব্রডগেজ দুটোই থাকবে।
দ্বৈত রেলপথ হলো আসা–যাওয়ার জন্য পৃথক দুটি পথ।
মোট ৬ হাজার ৫০৪ কোটি টাকার এই প্রকল্পে সরকার জোগান দেবে ১ হাজার ২৬ কোটি টাকা। বাকি ৫ হাজার ৪৭৭ কোটি টাকা ঋণ হিসেবে পাওয়া যাবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের (ইআইবি) কাছ থেকে। বাংলাদেশ রেলওয়ে ২০২০ সালের জুনের মধ্যে এর নির্মাণকাজ শেষ করবে।
জাতীয় অর্থনৈতিক পর্ষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় গতকাল মঙ্গলবার এই প্রকল্প অনুমোদন করা হয়। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ১০ হাজার ৬২৫ কোটি টাকার প্রাক্কলিত ব্যয়ে আটটি প্রকল্পের (ছয়টি নতুন ও দুটি সংশোধিত) অনুমোদন দেওয়া হয়। মোট ব্যয়ের মধ্যে সরকার ২ হাজার ৫০২ কোটি টাকা ও বাস্তবায়নকারী সংস্থা নিজস্ব তহবিল থেকে ২ হাজার ৬১৮ কোটি টাকা দেবে। আর প্রকল্প সাহায্য বাবদ আসবে ৫ হাজার ৪৭৮ কোটি টাকা।
আখাউড়া থেকে লাকসাম পর্যন্ত ৭২ কিলোমিটার দূরত্বে পাশাপাশি যে দুটি ডুয়েল গেজ রেললাইন নির্মাণ করা হবে তার মোট দৈর্ঘ্য ১৪৪ কিলোমিটার। এ ছাড়া লুপ ও সাইডিংস লাইনের জন্য আরও ৪০ কিলোমিটার ডুয়েল গেজ রেললাইন তৈরি করা হবে। মোট ১৮৪ কিলোমিটার দৈর্ঘ্যের ডুয়েল গেজ লাইন নির্মিত হবে।
একনেক সভাশেষে এক সংবাদ সম্মেলনে প্রকল্পটি সম্পর্কে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ঢাকা-চট্টগ্রাম রেলওয়ে অচিরেই ট্রান্স-এশিয়ান রেলওয়ের একটি প্রধান করিডরে পরিণত হবে। সে ক্ষেত্রে বাংলাদেশ প্রতিবেশী দেশগুলোকে চট্টগ্রাম বন্দরের মাধ্যমে মালামাল পরিবহনের সুবিধা দিতে পারবে। এতে করে দেশি-বিদেশি উদ্যোক্তারা আকৃষ্ট হবেন। তিনি আরও বলেন, টঙ্গী-ভৈরব বাজার ও লাকসাম-চিনকি আস্তানা ডাবল লাইন নির্মাণকাজ ২০১৫ সালে শেষ হবে। সেই সঙ্গে আখাউড়া-লাকসাম ডাবল ডুয়েল গেজ হলে পুরো ঢাকা-চট্টগ্রাম রেললাইন ডাবল ডুয়েল গেজ হয়ে যাবে। ফলে যাত্রী ও মালামাল পরিবহনের চাহিদা মেটানো সহজ হবে।
একনেকে ‘প্রি-পেমেন্ট মিটারিং প্রজেক্ট ফর ফাইভ এনওসিএস ডিভিশন আন্ডার ডিপিডিসি’ শীর্ষক ২২৪ কোটি টাকা ব্যয়ের একটি প্রকল্প অনুমোদন করা হয়। এর মধ্যে সরকার ১৮৯ কোটি টাকা ও বাস্তবায়নকারী সংস্থা ৩৫ কোটি টাকার জোগান দেবে। ২০১৫ সালের জানুয়ারিতে শুরু হয়ে ২০১৭ সালের জুনে শেষ হবে প্রকল্পটির কাজ। এর আওতায় ঢাকা পাওয়ার অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) ঢাকা ও নারায়ণগঞ্জের পাঁচটি এলাকায় প্রি-পেমেন্ট মিটারিং চালু করবে। এর ফলে খিলগাঁও, তেজগাঁও, কাজলা, কামরাঙ্গীরচর ও স্বামীবাগ এলাকার বাসিন্দারা মোবাইল কার্ডের মতো টাকা দিয়ে অগ্রিম বিদ্যুৎ মিটার কিনে নিজের প্রয়োজনমতো বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন।
সভায় সম্পূর্ণ সরকারি অর্থায়নে ২৯৯ কোটি টাকা ব্যয়সাপেক্ষ ‘৬৪ জেলার শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণ ল্যাব স্থাপন’ নামে একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়, যেটির কাজ শেষ হবে ২০১৬ সালের ডিসেম্বরে।
এ ছাড়া একনেক সভায় মহেশখালী ৯৮১ কোটি টাকা ব্যয়ে আনোয়ারা গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ ও ১ হাজার ৭০০ কোটি টাকার বিবিয়ানা-ধনুয়া গ্যাস সঞ্চালন পাইপলাইন (দ্বিতীয় সংশোধিত) প্রকল্প অনুমোদন করা হয়। অন্য প্রকল্পগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ নয়টি ব্রিজ নির্মাণ, মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (চতুর্থ পর্যায়), স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান (প্রথম সংশোধিত)।