আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
আখাউড়া স্থলবন্দর সড়কের বঙ্গেরচর এলাকায় জাজী নদীর ওপর ক্ষতিগ্রস্ত বেইলি সেতু মেরামতের কারণে আজ শুক্রবার থেকে এই পথে সব ধরনের যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ কারণে আখাউড়া স্থলবন্দর দিয়ে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলোতে শনি ও রোববার পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।
শুক্রবার সাপ্তাহিক ছুটি। তাই বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে দুই দিন। এই সময়ে যাত্রী পারাপার স্বাভাবিক থাকলেও আগরতলা-ঢাকা-কলকাতা পথের যাত্রীবাহী বাস চলাচল করবে না।
ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ বিভাগ (সওজ) বেইলি সেতু মেরামতের কারণে ওই পথে সব ধরনের যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করে।
আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব উদ্দীন ভূইয়া বলেন, জাজী নদীর ওপর বেইলি
সেতুটির কাঠামোর কয়েকটি নাট খুলে গেছে। অনেকগুলো নড়বড়ে, কয়েকটি পাটাতনও খোলা। বিষয়টি সওজকে জানানোর পর তারা মেরামতের উদ্যোগ নিয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সওজের নির্বাহী প্রকৌশলী শ্যামল কুমার ভট্টাচার্য প্রথম আলোকে বলেন, সময়মতো বেইলি সেতুর ত্রুটি চিহ্নিত হওয়ায় এখানে কোনো অঘটন ঘটেনি। রোববার সকালের মধ্যে সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে।