আখাউড়া স্থলবন্দরে সংকট কাটেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আখাউড়া স্থলবন্দর দিয়ে টানা দুই দিন উত্তর-পূর্ব ভারতের রাজ্য ত্রিপুরায় মাছ ছাড়া অন্য সব পণ্য রপ্তানি বন্ধ আছে। ১০ চাকার ভারী ট্রাকে করে বাংলাদেশ থেকে ভারতে পাথর রপ্তানিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রাক মালিক ও শ্রমিকদের বাধার কারণে ত্রিপুরার ব্যবসায়ীরা পণ্য আমদানি বন্ধ রাখেন রোববার।
গতকাল সোমবার আখাউড়া ও ত্রিপুরার আগরতলার ব্যবসায়ীরা আগের মতো ছয় চাকার ট্রাকে করেই পণ্য আমদানি-রপ্তানিতে আগ্রহ দেখান। তবে ট্রাক মালিক ও শ্রমিকেরা দুই দিন বন্দরে আটকে থাকায় তাঁদের যে লোকসান হয়েছে, তা পুষিয়ে দেওয়ার দাবি করেন। নতুন এ সমস্যার কারণে গতকাল সোমবারও পাথর, সিমেন্ট, পাটজাতীয় দ্রব্য, প্লস্টিক সামগ্রীসহ বিভিন্ন পণ্য ত্রিপুরায় রপ্তানি হয়নি। তবে সকলে মাছ রপ্তানি হয়েছে।
আখাউড়া স্থলবন্দর কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক মো. হামিদুর রহমান প্রথম আলোকে বলেন, সোমবার বন্দর ইয়ার্ড ও সড়কে রপ্তানির পণ্যবোঝাই প্রায় ৩০০টি ট্রাক আটকে আছে। আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের বন্ধ। এ কারণে ব্যবসায়ী ও ট্রাক মালিক ও শ্রমিকদের মধ্যে সমঝোতা হলেও বুধবারের আগে পণ্য রপ্তানি হচ্ছে না।
আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ত্রিপুরার আমদানিকারক ব্যবসায়ীরা সম্প্রতি ১০ চাকার ভারী যানে করে পাথর নিতে আগ্রহ প্রকাশ করেন। রোববার সকালে সিলেট থেকে দুটি ভারী ট্রাক বন্দরের পথে আসছিল। কাছাকাছি এলে ট্রাক দুটিকে ফিরিয়ে দেন ব্রাহ্মণবাড়িয়া ট্রাক মালিক ও শ্রমিক সমিতির লোকজন। এ ঘটনা জানার পর ত্রিপুরার ব্যবসায়ীরা
আখাউড়া দিয়ে সব পণ্য আমদানি বন্ধ রাখেন। দুপুরে মাছ রপ্তানি থেকে বাধা তুলে নেন। ১০ চাকার ভারী ট্রাকে করে পণ্য রপ্তানিতে ব্রাহ্মণবাড়িয়ার
ট্রাক মালিক ও শ্রমিকদের বাধা তুলে না নেওয়া পর্যন্ত তাঁরা পাথরসহ অন্যান্য পণ্য আমদানি না করার সিদ্ধান্ত নেন।
আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনির হোসেন প্রথম আলোকে বলেন, ত্রিপুরার ব্যবসায়ীরা বন্দরে আটকে থাকা ছয় চাকার প্রায় ৩০০ ট্রাকের পণ্য সোমবার দুপুরে আমদানি করতে আগ্রহ দেখান। কিন্তু ট্রাক মালিক ও শ্রমিকেরা ভর্তুকি দাবি করলে বন্দরটি সচল হতে পারেনি।