ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার সঙ্গে সরাসরি রেলপথে যোগাযোগ স্থাপন করা হচ্ছে। এ জন্য আখাউড়া-আগরতলা দ্বৈত (ডুয়েল) গেজ রেলপথ নির্মাণের প্রকল্প নেওয়া হয়েছে। এ প্রকল্পে ব্যয় হবে ৪৭৭ কোটি ৮১ লাখ টাকা। এর মধ্যে ভারতীয় দ্বিতীয় লাইন অব ক্রেডিট (এলওসি) থেকে পাওয়া যাবে ৪২০ কোটি টাকা।
গতকাল মঙ্গলবার আখাউড়া-আগরতলা দ্বৈত গেজ রেল সংযোগ নির্মাণ (বাংলাদেশ অংশ) প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।
পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, এ প্রকল্পের আওতায় ১০ কিলোমিটার রেলপথ নির্মাণ করা হবে। ঢাকা-চট্টগ্রাম বিদ্যমান রেলপথের আখাউড়া উপজেলার গঙ্গাসাগর এলাকা থেকে রেলপথটি আগরতলার দিকে যাবে। নিশ্চিন্তপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করবে। ভারত বাকি পাঁচ কিলোমিটার রেলপথ তৈরি করবে।
গত জুলাই মাসে শুরু হওয়া প্রকল্পটি ২০১৮ সালের মধ্যে শেষ হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে দুই দেশের পণ্য ও যাত্রী পরিবহনে কার্যকর ভূমিকা রাখবে। রেলপথটি হলে কলকাতা থেকে বাংলাদেশের ভূখণ্ড হয়ে সরাসরি আগরতলা পর্যন্ত সংযোগ অবকাঠামো তৈরি হবে।
গতকালের একনেক সভায় এ প্রকল্পসহ ১ হাজার ৯৫ কোটি টাকার ৬ প্রকল্প অনুমোদন করা হয়। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৬৭৪ কোটি ৭১ লাখ টাকা জোগান দেওয়া হবে। আর বিদেশি সহায়তা হিসেবে পাওয়া যাবে ৪২০ কোটি ৭৬ লাখ টাকা।
সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ২০১০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের সময় আগরতলা-আখাউড়া রেল সংযোগ প্রকল্পের বিষয়ে অনুলিপি চূড়ান্ত হয়েছিল। ভারতের পক্ষে এতে সই করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং। ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত বছর ঢাকা সফরকালে এই প্রকল্পে অর্থায়নের আশ্বাস দেন।