আখাউড়া দিয়ে রপ্তানি অর্ধেক কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে পণ্য রপ্তানি অর্ধেকে নেমেছে। রপ্তানির এমন মন্দা অবস্থায় ভারতে ৫০০ ও ১০০০ রুপি বাতিল হওয়ায় তৈরি হয়েছে নতুন সংকট। নতুন করে টিটি (পণ্যের চাহিদামতো আগাম অর্থ পাঠানো) বন্ধ আছে, ঋণপত্র বা এলসিও খোলা হচ্ছে না।
ভারতীয় ব্যবসায়ীরা বলছেন, রুপির বাতিল নোট বদল করে নতুন নোট সংগ্রহ করতেই তাঁদের দিন যাচ্ছে। একই অবস্থা নাগরিকদেরও। এ কারণে বাংলাদেশ থেকে পণ্য পরিবহনের ট্রাক ভাড়া, শ্রমিকদের পাওনাসহ অন্যান্য খরচ মেটানো যাচ্ছে না। নতুন করে চুক্তিও সম্ভব যাচ্ছে না। ফলে বাংলাদেশ থেকে পণ্যও আনা যাচ্ছে না। এ অবস্থা চলতে থাকলে দেশের অন্যতম স্থলবন্দর আখাউড়া দিয়ে রপ্তানি বাণিজ্যে ধস নামার আশঙ্কা করছেন এদেশীয় ব্যবসায়ীরা।
ভৌগোলিক অবস্থানগত কারণে এই স্থলবন্দর দিয়ে পণ্য আগরতলায় নেওয়া সহজ হয়। সেই পণ্য পরে ভারতের মেঘালয়, নাগাল্যান্ড ও মণিপুর রাজ্যে যায়। এর ফলে এই অঞ্চলে বাংলাদেশি পণ্যের একটি নতুন বাজার তৈরি হয়েছিল। কিন্তু এখন ভারতের উত্তর-পূর্বাঞ্চলের ত্রিপুরার সঙ্গে আসামের রেল, সড়কসহ অবকাঠামোর উন্নয়ন হচ্ছে। ত্রিপুরার রেল যোগাযোগ মিটারগেজ থেকে ব্রডগেজে উন্নীত হয়েছে। ত্রিপুরার সঙ্গে রাজধানী দিল্লির রেল যোগাযোগও স্থাপিত হয়েছে। তাই সহজেই রেলপথে এক রাজ্য থেকে অন্য রাজ্যে পণ্য আনা-নেওয়া করা যাচ্ছে। এতে আখাউড়া স্থলবন্দর দিয়ে ক্রমশ কমছে রপ্তানি।
আখাউড়া কাস্টমস বিভাগ সূত্রে জানা গেছে, দুই বছর আগেও আখাউড়া স্থলবন্দর দিয়ে দিনে প্রায় দেড় শ ট্রাকে করে বিভিন্ন পণ্য রপ্তানি হতো। এখন দিনে মাত্র ১৫ থেকে ২০ ট্রাক পণ্য রপ্তানি হয়। আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রায় ৫০ ধরনের পণ্য রপ্তানি হয়। এর মধ্যে পাথর, সিমেন্ট, মাছ, মেলামিন, প্লাস্টিক বোর্ড, প্রাণপণ্য অন্যতম। জানা গেছে, প্রতিদিন ৬০ থেকে ৭০ ট্রাক পাথর রপ্তানি হতো। কয়েক দিন আগেও ৩০ থেকে ৪০ ট্রাক পাথর রপ্তানি হয়েছে। এখন পাথর যাচ্ছে ৮ থেকে ১০ ট্রাক।
আখাউড়া স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা মো. শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ভারতের অভ্যন্তরে যোগাযোগব্যবস্থা ভালো হওয়ায় পাথর খুব একটা রপ্তানি হচ্ছে না। অন্য যে পণ্যগুলো রপ্তানি হচ্ছে, তাতেও ৫০০ ও ১০০০ রুপি বাতিল হওয়ার কারণে বিরূপ প্রভাব পড়ছে। রপ্তানির ধস ঠেকাতে ব্যবসায়ীদের নতুন বাজার সৃষ্টি করতে হবে।
আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ী নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আসাম ও মেঘালয় থেকে সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে পাথরের বড় টুকরা (বোল্ডার) আমদানি করে তা ভেঙে ছোট করা হয়। এই ছোট পাথর সিলেট থেকে সড়কপথে আখাউড়া আনার পর ত্রিপুরায় রপ্তানি করা হয়। এই প্রক্রিয়াকে ‘অন্ট্রাপোর্ট’ বলা হয়। কিন্তু এখন ত্রিপুরার সঙ্গে ট্রেন যোগাযোগ ভালো হওয়ায় সেখানকার ব্যবসায়ীরা সরাসরি আসাম ও মেঘালয় থেকে পাথর নিয়ে আসছেন। এতে বাংলাদেশি ব্যবসায়ীদের এই ব্যবসা কমে গেছে।
আখাউড়া স্থলবন্দরের প্রবীণ ব্যবসায়ী ও আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা আব্বাস উদ্দিন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, অন্ট্রাপোর্ট ব্যবসা কিছুটা কমেছে। তার পরও রপ্তানি হচ্ছিল। এখন ভারতে রুপির বড় নোট বাতিল হওয়ায় রপ্তানিতে ধস নেমেছে। নতুন করে টিটি ও এলসি হচ্ছে না। আগের চুক্তিমতো পণ্য যাচ্ছে না। সব মিলিয়ে বন্দরে রপ্তানি বাণিজ্যে ধস নেমেছে।
যোগাযোগ করা হলে ত্রিপুরার আগরতলা স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনীশ বিশ্বাস প্রথম আলোকে বলেন, ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিলের কারণে আমদানি-রপ্তানি বাণিজ্যে মন্দা সৃষ্টি হয়েছে। তবে এটা সাময়িক। ত্রিপুরাসহ আশপাশের কয়েকটি রাজ্যে বাংলাদেশি পণ্যের বাজার আছে। কয়েক সপ্তাহের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে।