আখাউড়া বন্দর দিয়ে ভারতে মাছ রপ্তানি বন্ধ হচ্ছে আজ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ত্রিপুরার আগরতলার বাজার থেকে সংগ্রহ করা মাছে ফরমালিনের অস্তিত্ব পেয়েছে সে দেশের একটি সংস্থা। এ কারণে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আজ সোমবার থেকে আগরতলায় মাছ রপ্তানি বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে।
জানা গেছে, সম্প্রতি আগরতলার বিভিন্ন বাজার থেকে ৪০টি মাছ নমুনা হিসেবে সংগ্রহ করা হয়। পরে এসব মাছ পরীক্ষা করে ১১টিতে ফরমালিন পাওয়া যায়। কিন্তু ফরমালিন পাওয়া মাছগুলো যে বাংলাদেশ থেকে যাওয়া মাছ, তা নিশ্চিত নয়। কয়েক দিন আগে এ নিয়ে ত্রিপুরা থেকে প্রকাশিত একটি দৈনিক এ খবর প্রকাশ করে। এরপর থেকেই মাছ রপ্তানিতে জটিলতা দেখা দেয়। সমস্যা এড়াতে ভারতীয় কাস্টমস বাংলাদেশের ব্যবসায়ীদের মাছ রপ্তানি না করতে বলেছে। বিষয়টি নিয়ে বাংলাদেশের কাস্টমসের সঙ্গে আলোচনা করেছে তারা। এ অবস্থায় আজ থেকে মাছ পাঠাতে পারছেন না বাংলাদেশের ব্যবসায়ীরা। এতে লোকসানের মুখে পড়তে হবে বাংলাদেশের ব্যবসায়ীদের।
জানতে চাইলে আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল রোববার তিনি বলেন, মূলত ভারতের অন্ধ প্রদেশ থেকে আসা যেসব মাছ আগরতলার বাজারে বিক্রি হয়, সেগুলোতে ফরমালিন পাওয়া গেছে। কিন্তু ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষ দুই দিন ধরেই মাছ রপ্তানি না করতে বলছে। এ অবস্থায় দু-তিন দিনের জন্য মাছ রপ্তানি বন্ধ থাকবে বলে জানান তিনি।
আখাউড়া স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ‘ভারতীয় কর্তৃপক্ষের আপত্তির কারণে বাংলাদেশের ব্যবসায়ীরা হয়তো মাছ রপ্তানি বন্ধ রাখবেন। কিন্তু মাছ রপ্তানিতে যেহেতু আমাদের এখানে সমস্যা নেই, তাই ব্যবসায়ীরা নিয়ে এলে নিয়মমাফিক আমরা তা পাঠাব।’