আখাউড়া স্থলবন্দর আজ থেকে আবার সচল হচ্ছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই দিন বন্ধ থাকার পর আজ সোমবার থেকে আবার বাংলাদেশের আখাউড়া ও ত্রিপুরার আগরতলা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হচ্ছে।ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা স্থলবন্দরের শ্রমিকেরা তাঁদের ডাকা ধর্মঘট গতকাল রোববার প্রত্যাহার করে নেওয়ায় আজ আখাউড়া-আগরতলা স্থলবন্দর সচল হচ্ছে। শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডাকেন শ্রমিকেরা। আগরতলা স্থলবন্দরের শ্রমিকেরা সেখানকার ট্রাফিক অব্যবস্থাপনা দূর করার দাবিতে এ ধর্মঘট ডাকেন। আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি মো. শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, আগরতলার ব্যবসায়ীরা সেখানকার শ্রমিকদের ডাকা ধর্মঘট প্রত্যাহারের কথা জানিয়েছেন। সে অনুযায়ী আগামীকাল সোমবার (আজ) থেকে আবার আখাউড়া-আগরতলা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।