আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে গতকাল মঙ্গলবার সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলায় সে দেশের রাজনৈতিক সংগঠন সিপিএমইএ জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে ধর্মঘট ডাকায় আখাউড়া স্থলবন্দরে এর প্রভাব পড়েছে বলে বাংলাদেশের ব্যবসায়ীরা জানান।এর আগে গত সোমবারও ভারতে দোল যাত্রা বা হোলি উত্সবের কারণে এ স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম আধা বেলা বন্ধ ছিল। আজ বুধবার থেকে আবার আখাউড়া স্থলবন্দর সচল হয়ে উঠবে বলে আশা করেন স্থানীয় ব্যবসায়ীরা। আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতি সূত্রে জানা গেছে, তাদের এ ব্যাপারে আগরতলার ব্যবসায়ীরা আগে থেকে কিছুই জানাননি। ধর্মঘটের কারণে আগরতলার ব্যবসায়ীরা পণ্য আমদানি করতে পারবেন না, এ তথ্য আজ সকাল পর্যন্তও বাংলাদেশি ব্যবসায়ীদের জানানো হয়নি।স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি মো. শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, আগরতলার ব্যবসায়ীরা আগে থেকে কিছুই না জানানোর কারণে গতকাল সকাল থেকে আখাউড়া স্থলবন্দর এলাকায় রপ্তানি পণ্যবোঝাই দুই শতাধিক ট্রাক এপারে আটকা পড়েছে।স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা ইন্দ্রমোহন দাস প্রথম আলোকে বলেন, ‘এ বন্দর দিয়ে রপ্তানি সম্পূর্ণ বন্ধ থাকার কারণে আজ (মঙ্গলবার) বন্দর প্রায় ৮০ লাখ টাকার বৈদেশিক মুদ্রা আয় থেকে বঞ্চিত হবে।’