আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ ছাড়া অন্যান্য পণ্য রপ্তানি বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন বছরের প্রথম দিনে গতকাল শনিবার বন্দরের সব বিভাগ খোলা থাকলেও আখাউড়ার ব্যবসায়ীদের জন্য শুভ হয়নি। কারণ, আগরতলার ব্যবসায়ীরা বাংলাদেশ থেকে মাছ ছাড়া অন্যান্য পণ্য আমদানি বন্ধ রেখেছেন।ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার ব্যবসায়ীরা গত ২৫ ডিসেম্বর সেখানকার শুল্ক বিভাগের ওজন মাপার যন্ত্র মেরামতের কথা বলে বাংলাদেশ থেকে মাছ ও পাথর ছাড়া অন্যান্য পণ্য আমদানি বন্ধ রাখার কথা জানান। তাঁরা কবে নাগাদ আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি করবেন, তা বাংলাদেশের রপ্তানিকারকদের জানাননি। এ অবস্থায় আখাউড়া স্থলবন্দর দিয়ে কয়েক দিন ধরে মাছ আর পাথর রপ্তানি হচ্ছিল। তবে নতুন বছরের প্রথম দিনে ত্রিপুরায় শুধু মাছ রপ্তানি হয়েছে।এদিকে একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, আগে পাথরবোঝাই ট্রাকের ভাড়া প্রতি বর্গফুটে (সিএফটি) ছিল ২৮ টাকা। এখন তা বেড়ে ৩২ টাকা হওয়ায় পণ্যের দামে প্রভাব পড়ছে। সে জন্যই আগরতলার ব্যবসায়ীরা বাংলাদেশ থেকে মাছ ছাড়া অন্যান্য পণ্য আমদানি আপাতত বন্ধ রেখেছেন। তবে আখাউড়া স্থলবন্দর শুল্ক কর্মকর্তা আবুল বাশার চৌধুরী প্রথম আলোকে জানান, শনিবার সকালে ত্রিপুরায় মাছ রপ্তানি হয়েছে। আগরতলা শুল্ক বিভাগ তাঁকে জানিয়েছে যে তাদের পক্ষ থেকে সমস্যা নেই।