আখাউড়া স্থলবন্দর দুই দিন ধরে অচল
বাংলাদেশ-ভারতের সদ্য উদ্বোধন করা সমন্বিত স্থলবন্দরে অতিরিক্ত মাশুল আদায়ের প্রতিবাদে ত্রিপুরার ব্যবসায়ীরা গত সোমবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছে। এতে আখাউড়া স্থলবন্দর দিয়ে দুই দিন ধরে সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।
ধর্মঘটের কারণে রপ্তানিপণ্য নিয়ে ৫০টি ট্রাক টার্মিনালে আটকে আছে বলে জানান আখাউড়া স্থলবন্দর কর্তৃপক্ষের ত্বত্তাবধায়ক হামিদুর রহমান।
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ধে ও বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর গত রোববার ত্রিপুরা রাজ্যের আগরতলায় যৌথভাবে স্থলবন্দরটির উদ্বোধন করেন। এটি হচ্ছে বাংলাদেশ-ভারতের মধ্যে প্রথম সমন্বিত স্থলবন্দর।
আখাউড়ার ব্যবসায়ীরা জানান, সমন্বিত স্থলবন্দরটিতে পণ্যবাহী ট্রাকের ওজন, পণ্য ওঠানো-নামানো ও মজুতের বিপরীতে অতিরিক্ত হারে মাশুল ধার্যের প্রতিবাদে আগরতলার ব্যবসায়ীরা ধর্মঘট ডেকেছেন।
এ প্রসঙ্গে আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব উদ্দিন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, সমন্বিত স্থলবন্দরে আধুনিক সুযোগ-সুবিধা থাকলেও সেখানে অতিরিক্ত হারে মাশুল ধার্য করা হয়েছে, যা ব্যবসায়ীরা মেনে নিতে পারছেন না।