আখাউড়া স্থলবন্দর ব্যবহার করে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে আমদানি-রপ্তানির পণ্য পরিবহন সহজ করতে সড়ক যোগাযোগব্যবস্থা উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগের আওতায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত ৩৫ কিলোমিটার জেলা সড়ককে জাতীয় মহাসড়কে পরিণত করা হবে। পণ্য পরিবহনের জন্য ভারী যানবাহন চলাচলের উপযোগী করে প্রস্তুত করা হবে সড়কটি। এ জন্য ২৩৩ কোটি টাকার একটি প্রকল্প আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) উঠছে। প্রকল্প বাস্তবায়নে পুরো অর্থ দেবে ভারত সরকার। গত জানুয়ারি মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে ১০০ কোটি ডলারের যে ঋণচুক্তি হয়েছে, সেই ঋণের একটি অংশ ব্যয় হবে এই প্রকল্পে। ভারতের দেওয়া এই ঋণের অর্থ সড়ক, রেলসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নে ব্যয় করা হবে। আশুগঞ্জ নৌবন্দর ব্যবহার করে আখাউড়া স্থলবন্দর দিয়ে ত্রিপুরা, মিজোরাম ও মেঘালয়সহ উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে পণ্য পরিবহন করতে চায় ভারত। আশুগঞ্জ থেকে সরাইল পর্যন্ত সিলেট জাতীয় মহাসড়কের অংশ হওয়ায় বর্তমানে পণ্যবাহী ভারী যানবাহন চলাচল করতে পারে। কিন্তু সরাইল-ব্রাহ্মণবাড়িয়া-সুলতানপুর-চিনাইর-আখাউড়া-সেনারবাদী সড়কটি বর্তমানে ১২ থেকে ১৪ ফুট প্রশস্ত এবং ভারী যানবাহন চলাচলের অনুপযোগী।জাতীয় মহাসড়কে উন্নীতকরণ প্রকল্পের আওতায় সরাইল থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত ৩৫ কিলোমিটার সড়ক পুনর্নির্মাণ করা হবে। দুই লেনবিশিষ্ট সড়কটি ৪০ ফুট প্রশস্ত করা হবে। এ ছাড়া ছোট ও মাঝারি আকারের পাঁচটি সেতু নির্মাণ করা হবে। প্রকল্পটির বাস্তবায়নকাল ধরা হয়েছে জুলাই ২০১০ থেকে জুন ২০১৩ সাল পর্যন্ত। প্রকল্পটি বাস্তবায়ন করবে যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক ও জনপথ বিভাগ। ভারত থেকে ১০০ কোটি ডলার ঋণ পাওয়ার ক্ষেত্রে অন্যতম একটি শর্ত ছিল প্রতিটি প্রকল্পের জন্য পরামর্শক নিয়োগ দিতে হবে। কিন্তু এই প্রকল্পটিতে কোনো পরামর্শক নিয়োগ দেওয়া হবে না। জানা গেছে, যোগাযোগ মন্ত্রণালয় থেকে পরিকল্পনা কমিশনে পাঠানো প্রকল্প প্রস্তাবনায় পরামর্শক নিয়োগ দেওয়ার সুপারিশ করা হলেও প্রকল্প মূল্যায়ন কমিটি তা বাতিল করে দেয়। পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে জানান, ঋণচুক্তির শর্তানুযায়ী ভারতীয় পরামর্শক ছাড়া অন্য কোনো পরামর্শক নিয়োগ দেওয়া যাবে না। পরামর্শকের ভাতা বাবদ ব্যয় কমাতে পরামর্শক নিয়োগের অংশটি বাদ দিয়েই প্রকল্পটি অনুমোদনের জন্য একনেকে উত্থাপন করা হচ্ছে। এদিকে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, আখাউড়া স্থলবন্দর হলো দেশের একমাত্র রপ্তানিনির্ভর স্থলবন্দর। উভয় দিক থেকে প্রতিদিন এই স্থলবন্দরে ৭০-৮০টি পণ্যবাহী ট্রাক আসে। এর মধ্যে তিন-চতুর্থাংশ ট্রাক বাংলাদেশি পণ্য নিয়ে ভারতীয় রাজ্য ত্রিপুরায় যায়।