আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় শ্রমিকেরা ন্যায্য মজুরির দাবিতে ধর্মঘট করায় গতকাল মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল।এর আগের দিন সোমবার ত্রিপুরার বামপন্থী রাজনৈতিক সংগঠনগুলো গ্যাস ও জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে ১২ ঘণ্টার বন্ধ্ (ধর্মঘট) পালন করায় এই স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল।তবে গতকাল সকালে ইলিশসহ প্রায় ২০০ ঝুড়ি ছোট মাছ রপ্তানি হয়েছে বলে ব্যবসায়ীরা জানান।আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক মো. আব্বাস মিয়া প্রথম আলোকে বলেন, ‘আজ (মঙ্গলবার) আগরতলার শ্রমিকদের ধর্মঘটের কথা ব্যবসায়ীদের আগে থেকে না জানানোয় বন্দরে রপ্তানিপণ্য বোঝাই শতাধিক ট্রাক আটকা পড়েছে। সোমবার রাত থেকে অবিরাম বৃষ্টির কারণে প্রায় ৫০ ট্রাক সিমেন্ট নষ্ট হতে চলেছে।’আখাউড়া স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা মো. আবদুল হামিদ মিয়া প্রথম আলোকে বলেন, আগরতলা শুল্ক বিভাগ দুপুর ১২টার পর শ্রমিকদের বিষয়ে সিদ্ধান্ত জানাবে বললেও দুপুর একটা পর্যন্ত কিছুই জানায়নি। তিনি বলেন, গত দুই দিন বন্দর দিয়ে রপ্তানি একরকম বন্ধ থাকায় ব্যবসায়ীরা প্রায় এক কোটি টাকা মূল্যের বৈদেশিক মুদ্রা আয় থেকে বঞ্চিত হয়েছেন।