আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু হচ্ছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দিন বন্ধ থাকার পর আজ সোমবার থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম আবার স্বাভাবিক হচ্ছে।স্থলবন্দরে গতকাল রোববার আমদানি-রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট ও ব্রাহ্মণবাড়িয়া ট্রাক মালিক-শ্রমিক সমিতির নেতাদের ত্রিপক্ষীয় এক বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে জানা গেছে।ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের ট্রাকচালকেরা সিরিয়াল মেনে ট্রাক চলাচল এবং বন্দরে ট্রাক আটকে পড়লে ভর্তুকি প্রদানের দাবিতে গত শনিবার দুপুর থেকে এখানে ট্রাক চালানো বন্ধ রাখেন। দাবি আদায়ের জন্য তাঁরা গতকাল রোববার সকালে স্থলবন্দর কর্তৃপক্ষের ট্রাক টার্মিনালের গেট বন্ধ করে দিয়ে সেখানে অবস্থান নেন এবং দফায় দফায় মিছিল করেন। পরিস্থিতি সামাল দিতে বন্দরে পুলিশও মোতায়েন করা হয়। বৈঠক শেষে ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিন প্রথম আলোকে বলেন, মাছ ও পচনশীল পণ্য ছাড়া অন্যান্য পণ্যবাহী ট্রাক এখন থেকে সিরিয়াল মেনে চলাচল করবে। অন্য বিষয়গুলো নিয়ে ঈদের পরে আবার আলোচনা হবে বলে তিনি জানান।সিঅ্যান্ডএফ এজেন্ট সমিতির সাধারণ সম্পাদক মনির হোসেন প্রথম আলোকে বলেন, আজ সোমবার বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক নিয়মে পরিচালিত হবে।ব্রাহ্মণবাড়িয়ার ট্রাকচালক মো. জাফর ও মো. শাকিল মিয়া প্রথম আলোকে বলেন, এই বন্দর থেকে ত্রিপুরার বন্দরে গিয়ে পাথর, ইটসহ বিভিন্ন পণ্য খালাস করতে তিন থেকে চার দিন অপেক্ষা করতে হয়। এই অপেক্ষার পর যখন সিরিয়াল আসে, তখন নিয়ম ভেঙে পেছনের গাড়ি সামনে নিতে দেখা যায়। এ কারণে ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের ট্রাকচালকেরা গত শনিবার থেকে ট্রাক বন্ধ রেখে আন্দোলনে নামেন। তবে গতকাল যে সিদ্ধান্ত হয়েছে, তাতে তাঁরা খুশি বলে জানান।আখাউড়া স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা আবুল বাশার চৌধুরী প্রথম আলোকে জানান, গত দুই দিনে বন্দরটিতে রপ্তানিমুখী পণ্যবোঝাই দুই শতাধিক ট্রাক আটকা পড়েছে।