আখাউড়া হয়ে ত্রিপুরায় গেছে তিন হাজার টন চাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর-পূর্ব ভারতের জন্য ভারতের অন্ধ্র প্রদেশ থেকে আনা পাঁচ হাজার মেট্রিক টন চালের মধ্যে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত দুই হাজার ৯২৪ টন চাল ত্রিপুরায় গেছে। বাংলাদেশের ১৭২টি কাভার্ড ভ্যানে আশুগঞ্জ থেকে আখাউড়া হয়ে সড়কপথে এই চাল ত্রিপুরায় যায়। আর চালগুলো ভারতের কলকাতা থেকে নৌপথে আসে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে।
দুই দেশের মধ্যকার নৌ-প্রটোকলের আওতায় আনা ট্রানজিটের এই পণ্য বাংলাদেশের জল ও সড়কপথ ব্যবহারে ভারতকে কোনো মাশুল দিতে হচ্ছে না।
আশুগঞ্জ বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, এই বন্দরে নোঙর করা পাঁচটি জাহাজের মধ্যে দুটি থেকে ইতিমধ্যেই চাল খালাস হয়ে গেছে। এই জাহাজগুলোতে পাঁচ হাজার টন চাল আছে। এগুলো খালি হলে দ্বিতীয় দফায় আরও পাঁচ হাজার টন চাল আসবে আশুগঞ্জে।
আখাউড়া শুল্ক বিভাগ সূত্রে জানা গেছে, ত্রিপুরা রাজ্যে চাল আসে সে দেশের রেলওয়ের মাধ্যমে। চাল বেশি হওয়ায় তা েরলে আনা সম্ভব হচ্ছে না। তা ছাড়া আগামী অক্টোবর থেকে ত্রিপুরার রেললাইন উন্নয়নের কাজ চলবে প্রায় ছয় মাস। এই সময় ভারতের অন্য রাজ্যগুলোর সঙ্গে ত্রিপুরার রেল যোগাযোগ বন্ধ থাকবে। এ কারণে ভারতীয় খাদ্য দপ্তর অন্ধ্র প্রদেশ থেকে ১০ হাজার টন চাল নৌপথে কলকাতা থেকে বাংলাদেশের আশুগঞ্জ বন্দরে ও সেখান থেকে সড়কপথে ত্রিপুরায় নিচ্ছে।
ত্রিপুরা থেকে প্রকাশিত বাংলা দৈনিক দেশের কথায় ১৮ আগস্ট প্রকাশিত ‘আশুগঞ্জ থেকে এখন পর্যন্ত ২১০০ মেট্রিক টন চাল ঢুকল আগরতলায়’ শিরোনামের সংবাদে ত্রিপুরা রাজ্যের মুখ্য সচিব জি কে রাও এর বরাত দিয়ে উল্লেখ করেছে বাংলাদেশের নৌ ও স্থলপথ ব্যবহার করে ত্রিপুরায় ৩৫ হাজার টন চাল আনার প্রস্তাব ভারতের কেন্দ্রীয় সরকারকে দেওয়া হয়েছে।
এ বছর ৩ জুলাই পাঁচ হাজার টন চাল নিয়ে পাঁচটি জাহাজ অন্ধ্র প্রদেশের বিশাখাপট্টনম থেকে রওনা হয়। পাঁচটি জাহাজই কলকাতা হয়ে ৫ আগস্ট আশুগঞ্জ নদীবন্দরে নোঙর করে। ৭ আগস্ট আশুগঞ্জ থেকে পুলিশ পাহারায় তিনটি কাভার্ড ভ্যানে করে ৫১ টন চালের প্রথম চালান আখাউড়া স্থলবন্দর দিয়ে ত্রিপুরায় যায়।
আখাউড়া স্থলবন্দরের সহকারী শুল্ক কর্মকর্তা লুৎফর রহমান প্রথম আলোকে বলেন, শুক্রবার বাংলাদেশে আর রোববার ভারতে ছুটি থাকায় এই দুদিন চাল যাওয়া বন্ধ থাকে।