আখের অভাবে পাবনা চিনিকলে উত্পাদন বন্ধ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আখের অভাবে পাবনা চিনিকল গত বুধবার বন্ধ হয়ে গেছে। যে কারণে এবারও চিনিকলটিকে বিপুল অঙ্কের লোকসান গুনতে হবে বলে আশঙ্কা করা হচ্ছে।চলতি মৌসুমে পাবনা সুগার মিলে মোট চিনি উত্পাদন হয় তিন হাজার ৫০০ মেট্রিক টন। যার বাজারমূল্য ১৫ কোটি ৭৫ লাখ টাকা। পক্ষান্তরে এবার মিলটির লোকসান ধরা হয়েছে (প্রস্তাবিত) ১৬ কোটি টাকা।জানা গেছে, এ বছর সবচেয়ে কম চিনি উত্পাদন ও আখ মাড়াই করা হয় পাবনা সুগার মিলে। মিল প্রতিষ্ঠার পর থেকে এলাকার কৃষকেরা এ বছরই সবচেয়ে কম আখ উত্পাদন ও সরবরাহ করে। এলাকায় এবার চার হাজার ৭৫৮ একর জমিতে আখের আবাদ করা হয়।চিনিকল সূত্রে আরও জানা যায়, এটি প্রতিষ্ঠার পর থেকে প্রতিবছরই লোকসান দিয়ে আসছে।নাম প্রকাশ না করার শর্তে মিলের একজন কর্মকর্তা জানান, সরকার প্রতিবছর লোকসান মেনে নেওয়ার কারণে চিনিকলের কিছু অসত্ কর্মকর্তা-কর্মচারী মিলে দুর্নীতি করার সুযোগ পাচ্ছেন। সে আলোকে এবারও খরচের বিভিন্ন ফিরিস্তি ও নানা অজুহাত দেখিয়ে বিপুল অঙ্কের লোকসান দেখানোর চেষ্টা চলছে বলে তিনি উল্লেখ করেন। পাবনা চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন জানান, কৃষকেরা এবার আখের আবাদ করেছেন কম। ফলে আখের উত্পাদন কম হওয়ায় মিলে পর্যাপ্ত আখ পাওয়া যাচ্ছিল না। তাই আখের অভাবে মিলের উত্পাদন বন্ধ করে দেওয়া হয়েছে।গত ১৮ ডিসেম্বর থেকে পাবনা সুগার মিলে চিনি উত্পাদন শুরু হয়। টানা এক মাস চালু থাকার পর আখের অভাবে গত বুধবার মিলটিতে আনুষ্ঠানিকভাবে চিনি উত্পাদন বন্ধ করে দেওয়া হয়।