আখের অভাবেই ব্যাহত হচ্ছে চিনির উৎপাদন
দেশের উত্তরাঞ্চলের বৃহৎ চিনিকল নর্থ বেঙ্গল চিনিকল এলাকার জমিগুলোতে প্রায় ৮০ হাজার মেট্রিক টন আখ থাকলেও পর্যাপ্ত আখের অভাবেই ব্যাহত হচ্ছে চিনিকলটির উৎপাদন।জানা যায়, চিনিকলের জন্য আখ পাওয়া না গেলেও বেশ জোরেশোরেই চলছে পাওয়ার ক্রাশারের (ইঞ্জিনচালিত আখ মাড়াই কল) মাধ্যমে আখ মাড়াই করে গুড় তৈরির কাজ। এসব গুড় ব্যবসায়ীর বাধার মুখে স্থানীয় প্রশাসনের পাওয়ার ক্রাশার উচ্ছেদ অভিযান সফল হচ্ছে না।আবার ভালো দাম পেয়ে আখচাষিরাও চিনিকলের চেয়ে গুড় ব্যবসায়ীদের কাছেই আখ সরবরাহে বেশি মনোযোগী হচ্ছেন। চিনিকল এলাকায় থাকা ৮০ হাজার টন আখের বেশির ভাগই পাওয়ার ক্রাশার মালিকেরা চড়ামূল্যে চাষিদের কাছ থেকে কিনে নিয়েছেন।সূত্র জানায়, নর্থ বেঙ্গল চিনিকলে চলতি ২০১১-১২ মাড়াই মৌসুমে এক লাখ ৭০ হাজার টন আখ মাড়াই করে ১২ হাজার ৭৫০ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়। গত ১১ নভেম্বর আখ মাড়াই শুরু হয়। তবে ৩১ জানুয়ারি পর্যন্ত চিনিকলে এক লাখ ২৬ হাজার ৪০০ টন আখ মাড়াই করে নয় হাজার টন চিনি উৎপাদিত হয়। কিন্তু এক সপ্তাহ ধরে আখচাষিরা চিনিকলে পর্যাপ্ত আখ সরবরাহ না করায় প্রতিদিনই দু-এক ঘণ্টা চিনিকল বন্ধ থাকছে।জানা যায়, চিনিকল এলাকায় থাকা ৮০ হাজার টন আখ দিয়ে চিনিকলে আরও দেড় মাস উৎপাদন সম্ভব। কিন্তু অবৈধভাবে চালিত সহস্রাধিক পাওয়ার ক্রাশারগুলো গড়ে প্রতিদিন আড়াই থেকে তিন হাজার টন আখ মাড়াই করে গুড় তৈরি করায় তা সম্ভব হচ্ছে না।আবার এসব পাওয়ার ক্রাশার উচ্ছেদে অভিযান পরিচালনা করেও লাভ হচ্ছে না। বরং গত ২৬ জানুয়ারি ভ্রাম্যমাণ আদালত রায়পুর গ্রামে পাওয়ার ক্রাশার উচ্ছেদ অভিযান চালালেও মালিকেরা আদালত-সংশ্লিষ্টদের ওপর হামলা চালিয়ে জব্দ করা দুটি পাওয়ার ক্রাশার ছিনিয়ে নেন। অভিযানে ব্যবহূত চিনিকলের একটি ট্রাকও ভাঙচুর করা হয়। শ্রমিকদের ওপর হামলার ঘটনায় পাঁচ শ্রমিক আহত হন। লালপুর থানায় এ ব্যাপারে একটি মামলা হয়েছে।নর্থ বেঙ্গল চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবর রহমান প্রথম আলোকে বলেন, এভাবে গুড়ের জন্য আখ মাড়াই চলতে থাকলে আখের সময়ের আগেই চিনিকলটি বন্ধ হয়ে যেতে পারে।জানা যায়, মণপ্রতি আখের জন্য পাওয়ার ক্রাশার মালিকেরা যেখানে ১৪০ থেকে ১৫০ টাকা দেন, সেখানে চিনিকল দেয় ১০০ টাকা। তাই চাষিরা বেশি লাভে ক্রাশার মালিকদের কাছে আখ বিক্রি করছেন।