আগরতলায় খাদ্যশস্য নিতে মাশুল ছাড়া ট্রানজিট-সুবিধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো ধরনের মাশুল কিংবা ব্যাংক গ্যারান্টি ছাড়া ট্রানজিট-সুবিধার আওতা ত্রিপুরা রাজ্যের আগরতলায় ১০ হাজার মেট্রিক টন খাদ্যশস্য নেবে ভারত। আশুগঞ্জ নৌবন্দর পর্যন্ত নৌপথে, আর বাকিটা সড়কপথে যাবে এই খাদ্যশস্যের চালান। ভারতীয় কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এই সুবিধা দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। মূলত মানবিক কারণ দেখিয়ে এই সুবিধা চেয়েছিল ভারত। তাই এই সুবিধা শুধু এই সুনির্দিষ্ট চালানের জন্য কার্যকর থাকবে।জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও নৌ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। এর আগে গত সপ্তাহে এ বিষয়ে এনবিআরের পক্ষ থেকে ‘অনাপত্তি’ জানিয়ে নৌ মন্ত্রণালয়কে মতামত জানিয়ে দেওয়া হয়েছে। এখন ভারতীয় কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে সম্মতি জানিয়ে দেবে নৌ মন্ত্রণালয়। দুই দেশের মধ্যে বিদ্যমান নৌ প্রটোকলের আওতায় এই সুবিধা দেওয়া হচ্ছে। এর আগে ত্রিপুরা পালাটানা বিদ্যুৎকেন্দ্রের ভারী যন্ত্রাংশও এই পথে নেওয়া হয়েছিল। উল্লেখ্য, গত ২৩ জানুয়ারি ঢাকায় ভারতীয় হাইকমিশন মানবিক কারণ দেখিয়ে বিনা মাশুল কিংবা ব্যাংক গ্যারান্টি ছাড়া খাদ্যশস্য নেওয়ার অনুমতি দেওয়ার অনুরোধ জানায়। পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া এক চিঠিতে এ অনুরোধ জানানো হয়। পরে চিঠির অনুলিপি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়ে দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। এরপর গত ৩ ফেব্রুয়ারি ভারতের অনুরোধটি বিবেচনার জন্য নৌ মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে। একই চিঠির অনুলিপি প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভীকে দেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিঠি পাওয়ার পর থেকে বিষয়টি নিয়ে সক্রিয় হয় নৌ মন্ত্রণালয়। এরপর মাশুল কিংবা ব্যাংক গ্যারান্টি বিষয়ে এনবিআরের মতামত চায় নৌ মন্ত্রণালয়। ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে এনবিআরের উচ্চপর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত হয়, মানবিক কারণে পৃথিবীর বহু দেশে বিনা মাশুলে কিংবা ব্যাংক গ্যারান্টি ছাড়া পণ্য পরিবহনে ট্রানজিট বা ট্রানশিপমেন্ট সুবিধা প্রদানের রেওয়াজ রয়েছে। সেই বিবেচনায় ভারতকেও এই সুবিধা দেওয়া যেতে পারে। সাধারণত যুদ্ধাবস্থা বা প্রাকৃতিক বিপর্যয়ের সময় পণ্য আনা-নেওয়ায় এ ধরনের সুযোগ দেওয়া হয়।জানা গেছে, পশ্চিমবঙ্গের কল্যাণীয়া থেকে এই খাদ্যশস্য আসবে। এই খাদ্যশস্য পরিবহনে যে রুট চাওয়া হয়েছে তা হলো কলকাতা-শেখবাড়িয়া (খুলনা)-চাঁদপুর-নারায়ণগঞ্জ-আশুগঞ্জ-আখাউড়া-আগরতলা। তবে এর মধ্যে আশুগঞ্জ পর্যন্ত নৌপথে আসবে। আর আশুগঞ্জ-ব্রাহ্মণবাড়িয়া-আখাউড়া পর্যন্ত বাকি প্রায় ৫০ কিলোমিটার সড়কপথে পরিবহন করা হবে। গত বছর জুলাই মাসে ঢাকায় অনুষ্ঠিত নৌসচিব পর্যায়ের বৈঠকে ভারতের পক্ষ থেকে প্রথম এই পথে ১০ হাজার টন খাদ্যশস্য পরিবহনের প্রস্তাব দেওয়া হয়। কিন্তু গত ছয় মাসে বাংলাদেশ তাতে রাজি হয়নি। এমন পরিপ্রেক্ষিতে গত জানুয়ারি মাসে ভারতের পক্ষ থেকে আবারও অনুরোধ করা হয়।প্রসঙ্গত, দুই দেশের বিদ্যমান নৌ প্রটোকলের আওতায় এ পথটি এখনো আনুষ্ঠানিকভাবে চালু করা হয়নি। গত বছর শুধু পরীক্ষামূলক ব্যবস্থা হিসেবে তিনটি লৌহজাতীয় পণ্যের চালান এই রুটে আগরতলা যায়।