আগস্ট থেকে আমদানি কার্যক্রম ১৬ ঘণ্টা চালুর উদ্যোগ
চট্টগ্রাম কাস্টম হাউসের রপ্তানি শাখার মতো আমদানি শাখায়ও শুল্কায়ন কার্যক্রম দিন-রাত ২৪ ঘণ্টা খোলা রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।প্রাথমিক পর্যায়ে আগামী ১ আগস্ট থেকে সপ্তাহের ছয় দিন (শুক্রবার বাদে) প্রতিদিন ১৬ ঘণ্টা করে আমদানি শাখা খোলা রাখার নীতিগত উদ্যোগ নেওয়া হয়েছে। এরপর পর্যায়ক্রমে কাস্টম হাউসের কার্যক্রম সপ্তাহের সাত দিনই দিন-রাত ২৪ ঘণ্টা খোলা রাখা হবে।প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী গতকাল শনিবার চট্টগ্রাম কাস্টম হাউস মিলনায়তনে এক সভায় এই উদ্যোগের কথা জানান। তিনি চট্টগ্রাম কাস্টম হাউসে ‘মার্চেন্ট ওভারটাইম (এমওটি)’ পদ্ধতি চালু এবং এ বিষয়ে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর)মধ্যকার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। অনুষ্ঠানে জানানো হয়, বর্তমানে চট্টগ্রাম বন্দর দিয়ে ২৪ ঘণ্টা পণ্য রপ্তানির জন্য কাস্টম হাউসে রপ্তানি কার্যক্রম দিন-রাত ২৪ ঘণ্টা সচল আছে। কিন্তু শুধু আমদানি প্রক্রিয়া শুক্র ও শনিবার ছাড়া সপ্তাহের পাঁচ দিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সচল থাকে। নতুন উদ্যোগ কার্যকর হলে দাপ্তরিক সময়ের বাইরেও পণ্য খালাসের প্রক্রিয়া করতে পারবেন ব্যবসায়ীরা।উপদেষ্টা বলেন, এ সংক্রান্ত একটি কেস স্টাডির ওপর ভিত্তি করে রাজস্ব বোর্ড ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে প্রথম পর্যায়ে ১৬ ঘণ্টা কাস্টম হাউসের কার্যক্রম সচল রাখার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত কার্যকর হলে বন্দরের ব্যবহার অনেক বেড়ে যাবে। পণ্য খালাসের জন্য সময় পাবেন ব্যবসায়ীরা।গওহর রিজভী বলেন, বাংলাদেশকে পুঁজি করে মিয়ানমার, চীন, ভারত, নেপাল, ভুটানসহ পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে আঞ্চলিক সংযোগের প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে। তখন চট্টগ্রাম বন্দরের পণ্য পরিবহন অনেক বেড়ে যাবে। এমন অবস্থায় যাতে বাধাহীনভাবে কাজ করা যায়, সে জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।চট্টগ্রাম কাস্টমস কমিশনার মারুফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ, এনবিআর সদস্য (শুল্ক) নাসির উদ্দিন, এফবিসিসিআই সভাপতি এ কে আজাদ, চট্টগ্রাম কাস্টমসের অতিরিক্ত কমিশনার মতিউর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপকমিশনার মাহমুদুল হাসান।অনুষ্ঠানে দাপ্তরিক সময়ের বাইরে আমদানি শাখার কার্যক্রম চালু রাখতে এফবিসিসিআইয়ের সঙ্গে এনবিআরের চুক্তি হয়।এ চুক্তির আওতায় ব্যবসায়ীরা প্রতিটি আমদানি-রপ্তানি চালান শুল্কায়ন বাবদ সম্ভাব্য অতিরিক্ত ১০০ টাকা করে প্রদান করবেন। এই টাকা আলাদা একটি তহবিলে যোগ হবে। নির্ধারিত সময়ের বাইরে যেসব কর্মকর্তা-কর্মচারী শুল্কায়ন কার্যক্রমে জড়িত থাকবেন তাঁদের এ তহবিল থেকে ভাতা দেওয়া হবে। এ অনুষ্ঠানের পরে অনলাইনে শুল্ককর পরিশোধ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর পরিদর্শন অধিদপ্তরের মহাপরিচালক কানন কুমার রায়, ট্যাক্স একাডেমির ব্যবস্থাপনা পরিচালক মেফতা উদ্দিন খান ও চট্টগ্রাম কাস্টমসের যুগ্ম কমিশনার সৈয়দ মুশফিকুর রহমান। অনলাইনে শুল্ককর পরিশোধের উদ্বোধনী অনুষ্ঠানে গতকাল একজন আমদানিকারকের প্রতিনিধি অনুষ্ঠানেই শুল্ককর পরিশোধ করেন। এই প্রক্রিয়ায় আমদানিকারকও যেকোনো জায়গায় বসে শুল্ককর পরিশোধ করতে পারবেন।