আগস্ট থেকে পুনরায় ব্যাংককের পথে উড়বে ইউনাইটেড এয়ার
স্থানীয় বেসরকারি বিমান সংস্থা ইউনাইটেড এয়ারওয়েজের (বিডি) বিমান আগামী আগস্ট মাস থেকে আবার ঢাকা-ব্যাংকক পথে উড়বে। এই পথে ১৭০ আসনের এমডি-৮৩ এয়ারক্রাফট দিয়ে প্রতি রবি ও বৃহস্পতিবার ফ্লাইট পরিচালনা করবে ইউনাইটেড।বর্তমানে ইউনাইটেড এয়ারওয়েজ ঢাকা থেকে জেদ্দা, দুবাই, মাস্কট, কুয়ালালামপুর, কাঠমান্ডু ও কলকাতা এবং চট্টগ্রাম থেকে মাস্কট, কলকাতা প্রভৃতি গন্তব্যে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করছে। এ ছাড়া অভ্যন্তরীণ ক্ষেত্রে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, রাজশাহী ও সৈয়দপুর পথে ফ্লাইট পরিচালনা করছে।২০০৭ সালের ১০ জুলাই ৩৭ আসনের ড্যাশ-৮ এয়ারক্রাফট দিয়ে ঢাকা থেকে সিলেটে উড্ডয়নের মধ্য দিয়ে ইউনাইটেড এয়ারওয়েজের যাত্রা শুরু হয়। বর্তমানে এই সংস্থার বহরে মোট নয়টি এয়ারক্রাফট রয়েছে। এর মধ্যে দুটি ড্যাশ-৮ ১০০, দুটি এটিআর-৭২, তিনটি এমডি-৮৩ ও দুটি এয়ারবাস-৩১০। এ ছাড়া আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে যুক্তরাজ্যের তৈরি ১৮ সিটের চারটি জেট স্ট্রিম এয়ারক্রাফট ইউনাইটেডের বিমানবহরে যুক্ত করার পরিকল্পনা রয়েছে, যা দিয়ে অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালিত হবে। বিজ্ঞপ্তি।