আগস্টে প্রবাসী আয় এসেছে ১১৮ কোটি ডলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে গত আগস্টে ১১৮ কোটি ৩৬ লাখ ডলার রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে। গত বছরের একই মাসের চেয়ে যা ১ কোটি ১৪ লাখ ডলার বা দশমিক ৯৭ শতাংশ কম। গত বছরের আগস্ট মাসে প্রবাসী আয় এসেছিল ১১৯ কোটি ৫০ লাখ ডলার। আগের বছরের একই সময়ের চেয়ে প্রবাসী আয় কমলেও বেড়েছে আগের মাসের চেয়ে।

চলতি ২০১৬-১৭ অর্থবছরের প্রথম মাসে (জুলাই) রেমিট্যান্স আসে মাত্র ১০০ কোটি ৫৫ লাখ ডলার। সেই হিসাবে আগস্টে প্রবাসী আয় বেড়েছে প্রায় ১৮ কোটি ডলার। যদিও গত অর্থবছরের (২০১৫-১৬) জুলাইয়ে ১৩৮ কোটি ৯৫ লাখ ডলারের প্রবাসী আয় দেশে এসেছিল।

ব্যাংক কর্মকর্তারা বলছেন, জনশক্তি রপ্তানিতে ভাটা, অবৈধ পথে প্রবাসী আয় পাঠানোর প্রবণতা বৃদ্ধি, মার্কিন ডলারের বিপরীতে বিভিন্ন মুদ্রার দরপতন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস ও মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে প্রবাসী আয় কমছে। 

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে দেখা যায়, আগস্টে বেসরকারি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৭৯ কোটি ৪০ লাখ ডলার। এ ছাড়া রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৬ কোটি ৪০ লাখ, বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ১ কোটি ১১ লাখ এবং বিদেশি মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১ কোটি ৪৩ লাখ ডলার।

তবে একক ব্যাংক হিসেবে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে বেসরকারি খাতের ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে। এ ব্যাংকটির মাধ্যমে ২৭ কোটি ৬৭ লাখ ডলার প্রবাসী আয় দেশে এসেছে। বিদেশ থেকে প্রবাসী আয় দেশে আনার ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে রয়েছে রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক লিমিটেড।

এ ব্যাংকটির মাধ্যমে প্রবাসী আয় এসেছে ১৩ কোটি ৪৪ লাখ মার্কিন ডলার। এ ছাড়া, সোনালী ব্যাংকের মাধ্যমে ১০ কোটি ৭৮ লাখ ডলার, জনতা ব্যাংকের মাধ্যমে ১০ কোটি ২৬ লাখ ডলার, ডাচ্‌-বাংলা ও ন্যাশনাল ব্যাংকের মাধ্যমে ৫ কোটি ডলারের কিছু বেশি প্রবাসী আয় দেশে এসেছে।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যানে আরও দেখা যায়, ২০১৫-১৬ অর্থবছরে তার আগের অর্থবছরের তুলনায় প্রায় আড়াই শতাংশ কম প্রবাসী আয় আসে। গত অর্থবছরে দেশে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ৪৯৩ কোটি ডলার। আগের অর্থবছরে যা ছিল ১ হাজার ৫৩১ কোটি ডলার।