আগস্টে বন্ধ হচ্ছে রূপসী বাংলা
আগামী ৩০ আগস্ট বন্ধ হয়ে যাচ্ছে রাষ্ট্রীয় মালিকানাধীন পাঁচ তারকা হোটেল রূপসী বাংলা। ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে হোটেলটির সংস্কারকাজ। তবে হোটেল বন্ধ করে সংস্কারের জন্য চাকরি হারানোর আশঙ্কায় ভুগছে হোটেলটির কর্মকর্তা-কর্মচারীরা। এ কারণে হোটেল চালু রেখে ধাপে ধাপে সংস্কারের দাবি জানিয়েছেন কর্মচারী নেতারা।
রূপসী বাংলার বর্তমান ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলছে, সংস্কারকাজের জন্য প্রায় দেড় বছর বন্ধ থাকবে রাজধানীর শাহবাগে প্রায় সাড়ে চার একর জমির ওপর অবস্থিত এই হোটেলটি। সংস্কারের মাধ্যমে নতুন রূপ দেওয়ার পর বদলে যাবে এটির নামও। ২০১৫ সালের ডিসেম্বর বা ২০১৬ সালের জানুয়ারিতে ‘ইন্টারকন্টিনেন্টাল ঢাকা’ নাম নিয়ে আবারও যাত্রা শুরু হবে এটির। এর ফলে ১৯৮৩ সালে ব্যবস্থাপনার দায়িত্ব ছেড়ে যাওয়া ইন্টারকন্টিনেন্টাল তিন দশক পর আবার যুক্ত হবে এই হোটেলের সঙ্গে।
হোটেল রূপসী বাংলার মহাব্যবস্থাপক জেমস পি ম্যাকডোনাল্ড গতকাল রোববার কয়েকজন সাংবাদিকের সঙ্গে আলাপকালে সংস্কার কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় হোটেলটির শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শফিউদ্দিন ও সাধারণ সম্পাদক মোস্তফা গাজীও উপস্থিত ছিলেন। শ্রমিক নেতারা এ সময় তাঁদের উদ্বেগ ও শঙ্কার কথা জানান।
ম্যাকডোনাল্ড জানান, বর্তমানে হোটেল রূপসী বাংলায় ২৭২টি অতিথি কক্ষ রয়েছে। সংস্কারের মাধ্যমে সেগুলোর মান উন্নত করার পাশাপাশি আয়তনও বাড়ানো হবে। এর ফলে কক্ষের সংখ্যা কমে আসবে ২২৬টিতে। প্রতিটির আয়তন বেড়ে হবে ৪০ বর্গমিটার। হোটেলটির বাহ্যিক আদলে কোনো পরিবর্তন না করে বিশ্বের অন্যান্য দেশের ইন্টারকন্টিনেন্টাল হোটেলের মানের আদলে এটিকে নতুন রূপ দেওয়া হবে।
এর আগে ২০১২ সালে হোটেলটির মালিক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের (বিএসএল) সঙ্গে ইন্টারকন্টিনেন্টাল গ্রুপের চুক্তি হয়। তাতে সংস্কারের বিষয়টি উল্লেখ রয়েছে বলে জানান ম্যাকডোনাল্ড।
জানা গেছে, ২০১৩ সালে এটির সংস্কার কার্যক্রম শুরুর কথা থাকলেও টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের কারণে সেটি পিছিয়ে যায়। বর্তমানে হোটেলটিতে স্থায়ী, অস্থায়ী ও চুক্তিভিত্তিক মিলিয়ে ৭০০ কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। ম্যাকডোনাল্ড জানান, সংস্কার কার্যক্রম শুরু হলে কর্মকর্তা-কর্মচারীদের একটি বড় অংশকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (বিআইসিসি) ও বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ বলাকায় স্থানান্তর করা হবে। বাকিদের যুক্ত করা হবে সংস্কার প্রকল্পে।
তবে শ্রমিক নেতাদের দাবি, বিআইসিসি ও বলাকায় ৩০০ জনের বেশি লোককে স্থানান্তর করা সম্ভব হবে না। সে ক্ষেত্রে কর্মকর্তা-কর্মচারীদের একটি অংশের ভাগ্য অনিশ্চিত হয়ে পড়তে পারে।
সংস্কারকাজ চলাকালে সব ধরনের আর্থিক সুবিধা অব্যাহত রাখা হবে বলে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আশ্বস্ত করলেও তাতে ভরসা পাচ্ছেন না কর্মকর্তা-কর্মচারীদের একটি বড় অংশ।
জানা গেছে, হোটেলটির সংস্কারকাজের জন্য সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৪০০ কোটি টাকা। ব্যাংক ঋণের মাধ্যমে বিএসএল এই অর্থের সংস্থান করবে। দীর্ঘদিন ধরেই এই হোটেলটি লাভজনকভাবে পরিচালিত হচ্ছে। ২০১০, ২০১১, ২০১২ ও ২০১৩ সালে এটির প্রকৃত মুনাফা ছিল যথাক্রমে সাড়ে ৩৪ কোটি, ৪০ কোটি, সাড়ে ৪৬ কোটি ও ১৯ কোটি টাকার বেশি। ফলে ঋণ পরিশোধে খুব বেশি বেগ পেতে হবে না বলে জানান ম্যাকডোনাল্ড।
প্রসঙ্গত, ১৯৬৬ সালে হোটেলটি চালু হয়। শুরু থেকে ১৯৮৩ সাল পর্যন্ত এটির ব্যবস্থাপনার দায়িত্বে ছিল ইন্টারকন্টিনেন্টাল। ১৯৮৪ সালে যুক্ত হয় হোটেল শেরাটন। ২০১১ সালে শেরাটন চলে যাওয়ার পর এটি সরকারি উদ্যোগে ‘রূপসী বাংলা’ নামে পরিচালিত হয়ে আসছে। ২০১২ সালে পুনরায় ইন্টারকন্টিনেন্টালের সঙ্গে চুক্তিবদ্ধ হয় বিএসএল।