আগস্টে বিনিয়োগ-নিবন্ধন ব্যাপক হারে বেড়েছে
দেশে গত আগস্ট মাসের মোট বিনিয়োগ-নিবন্ধন এর আগের মাসের তুলনায় প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা বা ৭৭ শতাংশ বেড়েছে। আর আগের বছরের একই মাসের তুলনায় আলোচ্য মাসে দেশে মোট বিনিয়োগ-নিবন্ধন বৃদ্ধির হার দাঁড়িয়েছে ৪১২ শতাংশ। বিনিয়োগ বোর্ডে আগস্টে মোট ১৭২টি শিল্পপ্রতিষ্ঠান ৮৯ হাজার ৯০৭ জনের কর্মসংস্থানের প্রস্তাব নিয়ে নিবন্ধন করেছে। এই কর্মসংস্থান আগের মাসের প্রস্তাবের তুলনায় ২০১ শতাংশ বেশি। আলোচ্য মাসে নিবন্ধিত প্রতিষ্ঠানগুলোর প্রস্তাবিত মোট বিনিয়োগের পরিমাণ হচ্ছে ১০ হাজার ১৪৪ কোটি ১৪ লাখ টাকা।এর আগের জুলাই মাসে বিনিয়োগ বোর্ডে শিল্প খাতের জন্য নিবন্ধিত মোট বিনিয়োগের পরিমাণ ছিল পাঁচ হাজার ৭২৬ কোটি ১২ লাখ টাকা।সরকারি এক তথ্য বিবরণীতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বিনিয়োগের জন্য আগস্ট মাসে নিবন্ধিত মোট প্রতিষ্ঠানের মধ্যে স্থানীয় হচ্ছে ১৫২টি, যাদের প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ নয় হাজার ৬১২ কোটি ৩০ লাখ টাকা। বিনিয়োগ বোর্ড প্রতিষ্ঠার পর এটিই হচ্ছে কোনো এক মাসে সর্বোচ্চ স্থানীয় বিনিয়োগ-প্রস্তাব নিবন্ধনের রেকর্ড।বাকি ২০টি প্রতিষ্ঠানের প্রস্তাবিত বিনিয়োগ হলো ৫৩১ কোটি ৮৪ লাখ টাকা। এর মধ্যে ১০টি সম্পূর্ণ বিদেশি ও ১০টি যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান।এর আগে জুলাই মাসে বিনিয়োগ বোর্ডে নিবন্ধিত ১৪৩টি দেশীয় প্রতিষ্ঠানের প্রস্তাবিত মোট বিনিয়োগের পরিমাণ ছিল চার হাজার ৯৮০ কোটি ৫৪ লাখ টাকা। যৌথ ও বিদেশি মালিকানার বাকি ১০টি প্রতিষ্ঠানের প্রস্তাবিত বিনিয়োগ ছিল ৭৪৫ কোটি ৫৮ লাখ টাকা।উল্লিখিত তথ্য বিশ্লেষণে দেখা যায়, জুলাইয়ের তুলনায় আগস্টে স্থানীয় বিনিয়োগ-নিবন্ধনের হার ৯৩ শতাংশ বেড়েছে এবং যৌথ ও শতভাগ বিদেশি বিনিয়োগ ২৯ শতাংশ কমেছে। তবে সার্বিকভাবে মোট বিনিয়োগ বেড়েছে ৭৭ শতাংশ।২০০৯ সালের আগস্টে বিনিয়োগ বোর্ডে মোট এক হাজার ৯৭৯ কোটি ৪৬ লাখ টাকার বিনিয়োগ-প্রস্তাব নিবন্ধিত হয়। সেই তুলনায় এবারের আগস্টে বিনিয়োগ বেড়েছে আট হাজার ১৬৪ কোটি ৬৮ লাখ টাকা।বিনিয়োগ বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, আলোচ্য মাসে সর্বোচ্চ ৭৮ শতাংশ বিনিয়োগ-প্রস্তাব এসেছে সেবামূলক শিল্প থেকে। বস্ত্র খাতে দ্বিতীয় সর্বোচ্চ ১২ শতাংশ বিনিয়োগ-প্রস্তাব নিবন্ধিত হয়েছে। এ ছাড়া মোট বিনিয়োগ-নিবন্ধনের ৬ শতাংশ রসায়ন খাত থেকে, ৩ শতাংশ প্রকৌশল খাত ও অন্যান্য খাত থেকে ১ শতাংশ প্রস্তাব এসেছে।