আগস্টে ভারতের বাজারে গাড়ি বিক্রি কমেছে
আগস্ট মাসে ভারতের বাজারে বিভিন্ন গাড়ির বিক্রি ১৮ দশমিক ৬ শতাংশ কমেছে, যা গত ১০ মাসের মধ্যে সর্বনিম্ন।গত আগস্টে শুধু ভারতের বাজারেই গাড়ির বিক্রি কমেনি, বিদেশে গাড়ির রপ্তানি হ্রাস পেয়েছে ওই সময়ে। এই হ্রাসের হার ২৬ দশমিক ৮৩ শতাংশ, যা গত ১১ মাসের মধ্যে সর্বনিম্ন। শুল্ক বাড়ার জের ধরে দাম বাড়ায় গাড়ি বিক্রি কমেছে বলে মনে করা হচ্ছে। এই অবস্থায় গাড়ি উৎপাদনকারীদের সংগঠন সোসাইটি অব ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার (সিয়াম) ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে গাড়ির ওপর আরোপিত শুল্ক কমানোর দাবি জানিয়েছে। চলতি অর্থবছরের বাজেটে গাড়ির ওপর শুল্কহার বাড়ানো হয়েছিল।সিয়ামের জ্যেষ্ঠ পরিচালক সুগত সেন বলেছেন, উৎসবের মৌসুম এলে যেভাবে গাড়ির চাহিদা বাড়ে, এবার তার কোনো লক্ষণ নেই।সিয়ামের পরিবেশিত তথ্য অনুযায়ী আগস্ট মাসে ভারতে মোটরসাইকেলের বিক্রি কমেছে ৮ দশমিক ৪৬ শতাংশ। এই মাসে মোটরসাইকেল বিক্রি হয়েছে সাত লাখ ৬৬ হাজার ১২৭টি। আগের বছরের একই মাসে এই সংখ্যা ছিল আট লাখ ৩৬ হাজার ৮৮৭টি।