আগস্টে মূল্যস্ফীতি আরও নিম্নমুখী
চলতি ২০১৩-১৪ অর্থবছরে জুলাই মাসের তুলনায় আগস্টে মূল্যস্ফীতির হার কিছুটা কমেছে। মাসওয়ারি ভিত্তিতে আগস্টে ৭ দশমিক ৩৯ শতাংশ মূল্যস্ফীতি হয়েছে। আর জুলাই মাসে এই হার ছিল ৭ দশমিক ৮৫ শতাংশ। ২০০৫-০৬ ভিত্তিবছর ধরেই শুধু এই মূল্যস্ফীতি গণনা করা হয়েছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) গতকাল বৃহস্পতিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করে। রাজধানীর আগারগাঁওয়ের বিবিএস মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংস্থার মহাপরিচালক গোলাম মোস্তফা কামালসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিবিএসে সংবাদ সম্মেলনে জানানো হয়, খাদ্য ও খাদ্যবহির্ভূত উভয় খাতেই মূল্যস্ফীতির হার কমেছে। আগস্ট মাসে খাদ্য সূচকে মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ০৯ শতাংশ। আর জুলাই মাসে এই হার ছিল ৮ দশমিক ১৪ শতাংশ।
আবার আগস্ট মাসে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি প্রায় ১ শতাংশের বেশি কমে ৬ দশমিক ৩৫ শতাংশ হয়েছে। জুলাই মাসে এই হার ছিল ৭ দশমিক ৪০ শতাংশ।
গ্রামের চেয়ে শহরে মূল্যস্ফীতির প্রভাব বেশি বলে বিবিএসের পরিসংখ্যানে উঠে এসেছে। আগস্ট মাসে শহর এলাকায় মূল্যস্ফীতির হার ৮ দশমিক ৩৪ শতাংশ। গ্রামে এই হার ৬ দশমিক ৯০ শতাংশ। তবে শহরে খাদ্য খাতে মূল্যস্ফীতি সাড়ে ৯ শতাংশের বেশি রয়েছে।
বিবিএস আরও বলছে, মূল্যস্ফীতির তুলনায় মাসওয়ারি ভিত্তিতে মজুরি বৃদ্ধির হার কিছুটা কমেছে। আগস্ট মাসে মজুরি বৃদ্ধির হার ছিল ১০ দশমিক ২৩ শতাংশ। আর জুলাই মাসে জাতীয় মজুরির হার বৃদ্ধি পেয়েছে ১০ দশমিক ৫৪ শতাংশ। তবে মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতির চেয়ে বেশি বলে নিম্নআয়ের মানুষের কষ্ট কম হচ্ছে বলে মনে করছে বিবিএস।
বিবিএসের পরিসংখ্যান থেকে জানা যায়, আগস্ট মাসে উৎপাদন, নির্মাণ, কৃষি, মৎস্যসহ প্রায় সব খাতেই মজুরি বাড়ার প্রবৃদ্ধি আগের মাসের তুলনায় কমেছে। মাসওয়ারি ভিত্তিতে আগস্ট মাসে মজুরি বেড়েছে উৎপাদন খাতে ৮ দশমিক ৩২ শতাংশ, নির্মাণে ৯ দশমিক ০৯ শতাংশ, কৃষিতে ১৪ দশমিক ৮৬ শতাংশ ও মৎস্য খাতে ১১ দশমিক ২৬ শতাংশ।
কয়েক মাস ধরে ১৯৯৫-৯৬ ও ২০০৫-০৬ দুই ভিত্তিবছর ধরেই মূল্যস্ফীতি গণনা করা হতো। পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার সম্প্রতি ২০০৫-০৬ ভিত্তিবছর অনুমোদন দেওয়ায় এখন তা ধরেই ভোক্তা মূল্যসূচক ও মূল্যস্ফীতি নির্ণয় করা হয়।