আগস্টে রাজস্ব কমেছে ডিএসইতে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে গত আগস্ট মাসে সাত কোটি ৭০ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে। আগের মাস, অর্থাত্ জুলাইয়ে আদায় হয়েছিল ১৬ কোটি টাকা। আয়কর অধ্যাদেশ ১৯৮৪-এর ধারা-৫৩ মোতাবেক এই টাকা সরকারের কোষাগারে জমা দেওয়া হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।ডিএসই সূত্র জানায়, প্রতিদিনের লেনদেনের ওপর ভিত্তি করে বিভিন্ন ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংক থেকে রাজস্ব আদায় করে সরকারের কোষাগারে জমা দেওয়া হয়। এ ক্ষেত্রে প্রতি এক লাখে রাজস্ব আদায় করা হয় ৫০ টাকা।বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, পুঁজিবাজার থেকে রাজস্ব আসে মূলত শেয়ার কেনাবেচার ওপর থেকে। বর্তমানে বাজার পরিস্থিতি ভালো থাকলেও জুলাইয়ে পরিচালকদের শেয়ার ক্রয়-বিক্রয়ের পরিমাণ বেশি ছিল। আর তাই জুলাইয়ে রাজস্ব আদায়ের পরিমাণও গত মাসের চেয়ে বেশি ছিল। আগস্টে পরিচালকদের শেয়ার ক্রয়-বিক্রয়ের পরিমাণ কমে যাওয়ায় রাজস্ব আদায়ের পরিমাণও কমে যায়।ডিএসইর সাবেক সভাপতি মো. শাকিল রিজভী বলেন, লেনদেনের পরিমাণের ওপর রাজস্ব আদায়ের বিষয়টি নির্ভর করে। লেনদেন কমে গেলে রাজস্বের পরিমাণও কমে যায়। গত মাসে লেনদেনের পরিমাণ কম হওয়ায় রাজস্ব আদায়ের পরিমাণ কম হয়েছে বলে মনে করেন তিনি।