আগস্টেও পণ্যমূল্য বাড়েনি ইউরোজোনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগস্টে পণ্যমূল্য গেল মাসের মতোই আছে ইউরোজোনে। এ মাসে ইউরোজোনে মূল্যস্ফীতির হার জুলাইয়ের মতো শূন্য দশমিক ২ শতাংশ হয়েছে। গতকাল বুধবার বিবিসিতে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
অর্থনৈতিক গতি ত্বরান্বিত করতে চলতি বছরের মার্চেই বেশ কিছু পদক্ষেপ নিয়েছিল ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংক সুদের হার শূন্য দশমিক ০৫ শতাংশ থেকে কমিয়ে শূন্য শতাংশ করা হয়। একই সঙ্গে ব্যাংকে আমানত রাখার হারও কমানো হয়। এ ছাড়া প্রতি মাসে ৮০ বিলিয়ন সমমূল্যের বন্ড ক্রয় করছে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক।
এরপরও বাড়ছে না পণ্যের দাম। অভ্যন্তরীণ চাহিদাও বাড়েনি। এতে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার কমতে পারে ইউরোজোনে। বিশ্লেষকেরা বলছেন, গত আগস্ট মাসে ইউরোজোনে খাদ্য, সেবা ও শিল্পপণ্যের দাম জুলাইয়ের চেয়ে কমেছে। অন্যদিকে, এ সময়ে জ্বালানির দাম তেমন উল্লেখযোগ্য হারে কমেনি।
পরিস্থিতি নিয়ে আলোচনায় আগামী সপ্তাহে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর কাউন্সিলের মিটিং ডাকা হয়েছে। সেখানে অর্থনৈতিক গতি ত্বরান্বিত করতে নতুন পরিকল্পনা আসবে কি না, তা নিয়ে চলছে জল্পনা, আলোচনা। ব্যাংকনীতি আরও শিথিল করা হতে পারে বলে আশা করছেন অর্থনীতিবিদেরা।
বেশ কয়েক বছর ধরে ইউরোজোনের অন্যতম সমস্যা হয়ে দাঁড়িয়েছে নিম্ন মূল্যস্ফীতি। পণ্যের দাম বাড়াতে বিভিন্ন পদক্ষেপ হাতে নেওয়া হলেও প্রত্যাশা অনুযায়ী বাড়ছে না। ইউরোজোনে ভোক্তা চাহিদা কম থাকায় অর্থনৈতিক গতি মন্থর হয়ে পড়ছে, যা ইউরোজোনকে মন্দার দিকে নিয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকেরা।