আগাম জমার হার বাড়াল এসইসি
ব্রোকারেজ হাউসগুলোর লেনদেনের বিপরীতে নিরাপত্তামূলক আগাম জমা বা সদস্য মার্জিনের হার বাড়ানো হয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) গতকাল বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নিয়েছে।এসইসির সিদ্ধান্ত অনুযায়ী, ব্রোকারেজ হাউসগুলোকে আগামী রোববার থেকে তাদের সম্ভাব্য লেনদেনের বিপরীতে বর্ধিত হারে স্টক এক্সচেঞ্জে মার্জিন জমা দিতে হবে। লেনদেন নিষ্পত্তির ঝুঁকি এড়াতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে।এসইসি সূত্র জানায়, বর্তমান নিয়মে ব্রোকারেজ হাউসগুলো মার্জিন না দিয়ে পাঁচ কোটি টাকা পর্যন্ত লেনদেন করতে পারে। পাঁচ কোটি থেকে ছয় কোটি টাকা পর্যন্ত লেনদেন হলে ২০ শতাংশ মার্জিন জমা দিতে হয়। সাত কোটি টাকা পর্যন্ত লেনদেনের জন্য জমা দিতে হয় ৩০ শতাংশ। নয় কোটি টাকা পর্যন্ত লেনদেনের জন্য ৫০ শতাংশ মার্জিন জমা দেওয়ার বিধান রয়েছে। আর নয় কোটি টাকার ওপরে লেনদেন হলে শতভাগ মার্জিন জমা দিতে হয়।কিন্তু এখন থেকে এসব ক্ষেত্রে যথাক্রমে ৪০, ৬০ ও ৮০ শতাংশ হারে মার্জিন জমা রাখতে হবে। তবে নয় কোটি টাকার ওপরে লেনদেনের ক্ষেত্রে মার্জিন জমার হার অপরিবর্তিত রাখা হয়েছে।সাধারণত ব্রোকারেজ হাউসগুলো তাদের লেনদেনের পরিমাণ অনুযায়ী স্টক এক্সচেঞ্জে মার্জিন জমা দিয়ে থাকে। এ ক্ষেত্রে নগদ টাকার পরিবর্তে ব্যাংক বা বিমা কোম্পানির শতভাগ নিশ্চয়তা বা গ্যারান্টি জমা দেওয়ার বিধান রয়েছে। এর বাইরে এফডিআর বা অন্যান্য সিকিউরিটিজও গ্যারান্টি হিসেবে জমা দেওয়া যায়। তবে এ ক্ষেত্রে ৯০ শতাংশ গ্যারান্টি গ্রহণযোগ্য। আর বাকি ১০ শতাংশ নগদ জমা দিতে হয়।অবশ্য নতুন নিয়মে মার্জিনের ৫০ শতাংশের বেশি গ্যারান্টি গ্রহণযোগ্য হবে না। তার মানে ব্রোকারেজ হাউসকে বাকি অর্ধেক মার্জিনের জন্য নগদ টাকা জমা দিতে হবে।