আগামী অর্থবছর থেকে পৃথক 'শিশু বাজেট' হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, শিশুদের কল্যাণে আগামী অর্থবছর থেকে পৃথক বাজেট থাকবে।
তবে বাংলাদেশের বাস্তবতা বিবেচনায় শিশুদের বয়সসীমা ১৮ বছর থেকে কমিয়ে ১৬ বছর করার ওপর জোর দিয়েছেন অর্থমন্ত্রী৷ কারণ হিসেবে বলেছেন, ‘আমাদের দেশে ১৬ বছর বয়সেই অনেক ছেলেমেয়ের বিয়ে হয়ে যায়। প্রকৃত শিশু হিসেবে তাদের বিবেচনা করাটা খুব একটা যৌক্তিক নয়।’
গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে সেভ দ্য চিলড্রেন এবং সেন্টার ফর সার্ভিসেস অ্যান্ড ইনফরমেশন অন ডিজঅ্যাবিলিটি (সিআইএসডি) আয়োজিত ‘বাংলাদেশ শিশু বাজেট’ শীর্ষক প্রতিবেদনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
শিশু বাজেট বলতে শিশুদের বিকাশের জন্য প্রয়োজনীয় বিষয়গুলোয় কতটা রাষ্ট্রীয় বরাদ্দ দেওয়া হচ্ছে, তাকে বোঝানো হয়েছে৷
অনুষ্ঠানে অর্থমন্ত্রী আরও বলেন, ‘পুষ্টিসমস্যা আমাদের দেশের শিশুদের সবচেয়ে বড় সমস্যা। প্রস্তাবিত শিশু বাজেট শিশুদের পুষ্টি সমস্যা সমাধানে ভূমিকা রাখবে।’
আবাসন সমস্যাকে পথশিশুদের বড় সমস্যা হিসেবে অভিহিত করে শিশু বাজেটের মাধ্যমে তাদের এ সমস্যা সমাধানে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান অর্থমন্ত্রী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, শিশু অধিকারবিষয়ক সংসদীয় কমিটির সদস্য শওকত আলী, মহিলা ও শিশুসচিব তরিকুল ইসলাম, গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী এবং বাংলাদেশে ইউনিসেফ প্রতিনিধি প্যাসকেল ভিলেনুভ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সেভ দ্য চিলড্রেনের বাংলাদেশ পরিচালক মাইকেল ম্যাকগ্রাথ।