আগামী এডিপি এক লাখ কোটি টাকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২০১৫-১৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার হবে এক লাখ কোটি টাকা। এর মধ্যে প্রায় ৮০ হাজার কোটি টাকা বরাদ্দ থাকবে চলমান প্রকল্পগুলোতে। আর মেগা প্রকল্পসহ নতুন প্রকল্পে বরাদ্দ দেওয়া হবে বাকি অর্থ।
সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত ১০টি ও ব্যয় বিবেচনায় সর্বনিম্ন অগ্রগতিসম্পন্ন ১০টি মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে সভা শেষে গতকাল সোমবার পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন। পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে আগামী এডিপিতে নতুন প্রকল্পগুলো নিয়ে কথা বলেন পরিকল্পনামন্ত্রী। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী
অর্থবছরে সাংসদদের নিজ নিজ আসনের এলাকার উন্নয়নের জন্য একটি প্রকল্প বাস্তবায়ন করা হবে। এ প্রকল্পের আওতায় একজন সংসদ সদস্য পাঁচ বছরে মোট ২০ কোটি টাকা বরাদ্দ পাবেন। তবে তিনি সরাসরি একটি টাকাও ব্যয় করতে পারবেন না। তিনি তাঁর চাহিদা এলজিইডিকে জানাবেন। এলজিইডি প্রয়োজনীয় প্রকল্প গ্রহণ করে তা বাস্তবায়ন করবে। সব এলাকার জন্য এই বরাদ্দ সমান হবে।
ঢাকা শহরসহ বড় বড় শহরের নামীদামি স্কুলগুলোতে ভর্তি-সংকট প্রকট। এ জন্য আগামী এডিপিতে এসব স্কুলের ভবন ১৫ থেকে ২০ তলা পর্যন্ত ঊর্ধ্বমুখী সম্প্রসারণ করার জন্য বিশেষ বরাদ্দ দেওয়া হবে বলে পরিকল্পনামন্ত্রী জানান। গ্রামের স্কুলগুলোও তিন থেকে চার তলা করা হবে। পরিকল্পনা কমিশন আশা করছে, এ প্রকল্পটি বাস্তবায়িত হলে দুই লাখ ছাত্রছাত্রী নতুনভাবে ভর্তির সুযোগ পাবে।
এ ছাড়া দেশে বিদ্যমান মহাসড়কগুলোর কাছে বিক্ষিপ্তভাবে গড়ে ওঠা গ্রামীণ হাটবাজার নিয়েও কথা বলেন পরিকল্পনামন্ত্রী। তিনি বলেন, সরকারি উদ্যোগে প্রকল্পের আওতায় মহাসড়কের পাশে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে হাটবাজার করে দেবে সরকার। এতে মহাসড়কগুলোতে যানজট তৈরি হবে না।
এ বছর এডিপি বাস্তবায়ন হার কেমন হবে-জানতে চাইলে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘সভায় সচিবেরা আমাকে জানিয়েছেন তাঁদের নিজ নিজ মন্ত্রণালয় সংশোধিত এডিপি অনুযায়ী শতভাগ বাস্তবায়ন করতে পারবে।’ পরিকল্পনামন্ত্রী বলেন, এ বছর প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগের বাস্তবায়ন কার্যক্রম দেখে আগামী বছরের বরাদ্দ দেওয়া হবে।
গতকালের সভায় আরও সিদ্ধান্ত হয়, বাস্তবায়নে গতি আনতে এখন থেকে একজন প্রকল্প পরিচালক (পিডি) একটি প্রকল্পের দায়িত্ব পাবেন। তবে যেসব প্রকল্প দেশব্যাপী বাস্তবায়িত হয়, এমন প্রকল্পে একজন জাতীয় প্রকল্প পরিচালক (এনপিডি) নিয়োগ দেওয়া হবে। আর সেসব প্রকল্পে প্রতিটি বিভাগের জন্য আলাদা পরিচালক থাকবেন।
সংবাদ সম্মেলনে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানসহ পরিকল্পনা কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এডিপি বাস্তবায়ন: চলতি অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) সবচেয়ে বেশি প্রকল্প বাস্তবায়ন করেছে স্থানীয় সরকার বিভাগ। এ বিভাগটি বরাদ্দের ৬০ শতাংশ বা ৭ হাজার ৯৮৪ কোটি টাকা খরচ করেছে। এ বিভাগের ১৫৭টি প্রকল্পের অনুকূলে বরাদ্দ রয়েছে ১৩ হাজার ৩৭৯ কোটি টাকা।
খরচের দিক থেকে এগিয়ে থাকা অন্য শীর্ষ মন্ত্রণালয়গুলো হলো বিদ্যুৎ বিভাগ, সেতু বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়।
অন্যদিকে একই সময়ে সবচেয়ে কম খরচ করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)। বরাদ্দের মাত্র ৭ শতাংশ বা ৩১ কোটি টাকা খরচ করেছে আইআরডি। এডিপিতে বিভাগটির বরাদ্দ রয়েছে ১৩৩ কোটি টাকা। খরচের দিক থেকে পিছিয়ে থাকা মন্ত্রণালয় ও বিভাগগুলো হলো পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, পররাষ্ট্র মন্ত্রণালয়, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, অর্থ বিভাগ, দুর্নীতি দমন কমিশন, শিল্প মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়।
এদিকে সার্বিকভাবে জুলাই-মার্চ সময়ে এডিপির ৪৪ শতাংশ বা ৩৫ হাজার ১৫৩ কোটি টাকা খরচ হয়েছে। উল্লেখ্য, এ বছর স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর বরাদ্দ বাদ দিয়ে এডিপির আকার ৮০ হাজার ৩১৫ কোটি টাকা।