আগামী এডিপি কাল অনুমোদন
আগামী ২০১২-১৩ অর্থবছরে ৫৪ হাজার ৩০০ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) নেওয়া হচ্ছে। আগামীকাল শনিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী (এনইসি) সভায় এই এডিপি অনুমোদন দেওয়া হবে। এতে সভাপতিত্ব করবেন এনইসি চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন এডিপির মধ্যে স্থানীয় মুদ্রায় জোগান দেওয়া হবে ৩২ হাজার ৮০০ কোটি টাকা, আর বিদেশি সহায়তা পাওয়া যাবে ২১ হাজার ৫০০ কোটি টাকা। আগামী এডিপিতে মোট প্রকল্প সংখ্যা এক হাজার ৩৭। এদিকে আগামী অর্থবছরের শুরুতে এডিপিভুক্ত প্রকল্পগুলো মূল্যায়নের জন্য একটি টাস্কফোর্স গঠন করা হবে বলে পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে। গতবারের মতো এডিপিতে সবচেয়ে বেশি সাত হাজার ৯১১ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বিদ্যুৎ খাতে, যা মোট বরাদ্দের ১৪ দশমিক ৫৭ শতাংশের বেশি। দ্বিতীয় স্থানে রয়েছে পরিবহন খাত। এর বরাদ্দ সাত হাজার ৭৬৩ কোটি টাকা। এরপর শিক্ষা ও ধর্ম খাতে ছয় হাজার ৩৩৫ কোটি টাকা বরাদ্দ রয়েছে। খাতওয়ারি বরাদ্দের বাইরেও স্থানীয় পর্যায়ে উন্নয়ন সহায়তার নামে এক হাজার ৫১৭ কোটি টাকা রাখা হয়েছে। সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পরিষদসহ পাবর্ত্য চট্টগ্রাম উন্নয়নের আওতায় বিভিন্ন প্রকল্পে এই বিপুল অর্থ ব্যয় করা হবে। এর বাইরে থোক বরাদ্দ হিসেবে এক হাজার ৭৪০ কোটি টাকা রাখা হয়েছে।