আগামী এডিপিতে বরাদ্দ নিয়ে বিপাকে পরিকল্পনা মন্ত্রণালয়
চলতি ২০১০-১১ অর্থবছরে তুলনামূলক বেশি প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার। আর চলমান এসব প্রকল্পের ধারাবাহিকতা রক্ষায় আগামী বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) বরাদ্দ নিয়ে বিপাকে পড়েছে পরিকল্পনা কমিশন।সম্পদ কমিটির দেওয়া হিসাব অনুযায়ী, আগামী এডিপির জন্য অন্তর্ভুক্ত প্রকল্পগুলোয় বরাদ্দ দিতে হিমশিম খাচ্ছে পরিকল্পনা কমিশন। পরিকল্পনা কমিশন আগামী এডিপির জন্য আরও বরাদ্দ চায়।বিষয়টি নিয়ে গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করেছেন পরিকল্পনামন্ত্রীসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এনইসির সম্মেলনকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।সম্পদ কমিটির দেওয়া সুপারিশ অনুযায়ী, আগামী অর্থবছরে এডিপির আকার হবে ৪৬ হাজার কোটি টাকা। এর মধ্যে স্থানীয় মুদ্রায় জোগান দেওয়া হবে ২৭ হাজার ৩১৫ কোটি টাকা, আর বিদেশি সহায়তা হিসেবে পাওয়া যাবে ১৮ হাজার ৬৮৫ কোটি টাকা।কিন্তু পরিকল্পনা কমিশনে আসা বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের দাবি অনুযায়ী, আগামী এডিপির জন্য এক হাজার ২৩৭টি প্রকল্প নির্ধারণ করা হয়েছে, যা চলতি এডিপির চেয়ে ৩২৭টি বেশি।এ সম্পর্কে পরিকল্পনা কমিশনের সচিব মনজুর হোসেন প্রথম আলোকে জানান, এ বছর সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী তুলনামূলক বেশি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত এসব প্রকল্পের ধারাবাহিকতা রক্ষায় সম্পদ কমিটির সুপারিশ করা অর্থের চেয়ে বেশি অর্থ প্রয়োজন। তাই এডিপির আকার ৪৬ হাজার কোটি টাকা থেকে কিছু বাড়তে পারে।পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের শুরু থেকেই প্রায় প্রতি সপ্তাহেই জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসব বৈঠকে এডিপি-অন্তর্ভুক্ত প্রকল্পের বাইরেও এডিপি-বহির্ভূত বেশ কিছু রাজনৈতিক প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। ফলে একনেকে অনুমোদিত প্রকল্পগুলোর ধারাবাহিকতা রক্ষায় আগামী অর্থবছরের এডিপিতে বেশি প্রকল্প অন্তর্ভুক্ত করতে বাধ্য হচ্ছে পরিকল্পনা কমিশন।একনেক সভা: গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত একনেক সভায় দুই হাজার ৬৪৫ কোটি টাকার চারটি উন্নয়ন প্রকল্প অনুমোদিত হয়েছে। এর মধ্যে স্থানীয় মুদ্রায় দেওয়া হবে এক হাজার ১৬৮ কোটি টাকা এবং প্রকল্প সাহায্য হিসেবে পাওয়া যাবে এক হাজার ৪৭৭ কোটি টাকা।প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে এনইসির সম্মেলনকক্ষে একনেক সভা অনুষ্ঠিত হয়।অনুমোদিত প্রকল্পগুলো হলো: এক হাজার ৯০১ কোটি টাকার ৩-জি প্রযুক্তি চালুকরণ এবং ২ দশমিক ৫-জি নেটওয়ার্ক সম্প্রসারণ প্রকল্প; ৩১৫ কোটি টাকার ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন প্রকল্প; ৩৮৮ কোটি টাকার গোপালগঞ্জ জেলার ১৬টি সড়ক উন্নয়ন প্রকল্প এবং ৪১ কোটি টাকার গোপালগঞ্জ (বরাশী)-বরনী-সিঙ্গিপাড়া (টুঙ্গিপাড়া) সড়ক উন্নয়ন প্রকল্প।