আগামী জুনের মধ্যে সিইটিপি নির্মাণ শেষ হবে: শিল্পমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারে চামড়া শিল্পনগরের ভৌত অবকাঠামোর নির্মাণকাজ এরই মধ্যে শেষ হয়েছে। কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের (সিইটিপি) জন্য ভূমি জরিপ ও পাইপলাইন স্থাপনে মাটি পরীক্ষা করা হয়েছে। প্রয়োজনীয় যন্ত্রপাতি আমদানির জন্য ঋণপত্র খোলা হয়েছে। নির্ধারিত কর্মপরিকল্পনা অনুযায়ী সিইটিপি নির্মাণকাজ এগিয়ে যাচ্ছে।চামড়া শিল্পনগরের নির্মাণকাজের এমন অগ্রগতি শুনে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, আগামী বছর জুনের মধ্যেই চামড়া শিল্পনগরের সিইটিপি নির্মাণকাজ শেষ হবে।সাভারে চামড়া শিল্পনগরের সিইটিপির নির্মাণকাজ সরেজমিনে পরিদর্শন শেষে গতকাল বৃহস্পতিবার শিল্পমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। শিল্প মন্ত্রণালয়ের এক তথ্য বিবরণীতে এ খবর জানানো হয়।এর আগে রাজধানীর হাজারিবাগের চামড়া কারখানাগুলো সাভারে স্থানান্তরের বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে শিল্পনগরের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় বিসিক চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম, শিল্পনগর প্রকল্পের পরিচালক মো. আবু সাদেক, বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মো. শামছুল হুদা, সাবেক চেয়ারম্যান শাহীন আহাম্মেদ, বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস অ্যান্ড ফুট ওয়্যারস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফএলএমএফইএ) কোষাধ্যক্ষ আবুল কাশেম প্রমুখ উপস্থিত ছিলেন।সভায় জানানো হয়, সিইটিপি নির্মাণে ১৮ মাস সময় নির্ধারণ করা হয়েছিল। নির্ধারিত সময়ের আগেই এর নির্মাণ শেষ হবে। এতে আরও বলা হয়, চামড়া শিল্পনগরের প্রায় এক লাখ লোকের সুপেয় ও শিল্প-পানির নিশ্চয়তা বিধানে পানি পরিশোধনাগার নির্মাণ করা হয়েছে। শিল্পনগরের কঠিন বর্জ্য পরিশোধনে সিইটিপির সঙ্গে সংযুক্ত করে কঠিন বর্জ্য শোধনাগার স্থাপন করা হচ্ছে। এ বর্জ্য ব্যবস্থাপনা থেকে তিন মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করাও সম্ভব হবে।সভায় শিল্পমন্ত্রী বলেন, কাজের পরিবেশ-সংক্রান্ত শর্ত পূরণ করতে না পারলে ২০১৪ সালের পর ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশের চামড়াজাত পণ্য রপ্তানি হুমকির মুখে পড়বে। তিনি বলেন, রপ্তানি অব্যাহত রাখার পাশাপাশি করপোরেট সামাজিক দায়বদ্ধতা থেকে দ্রুত হাজারিবাগের ট্যানারিগুলো সাভারে স্থানান্তর করতে হবে। এ ক্ষেত্রে ট্যানারি মালিকদের যেকোনো যুক্তিসংগত সমস্যা সরকার আলোচনার মাধ্যমে সমাধান করবে।প্রসঙ্গত, প্রায় ৫৪৬ কোটি টাকা ব্যয়ে সাভারের কান্দি বৈলারপুর এলাকায় চামড়া শিল্পনগর নির্মাণ করা হচ্ছে। ২০০ একর জমির ওপর নির্মাণাধীন এ শিল্পনগরে ২০৫টি প্লট থাকছে। এসব প্লটে ১৫৫টি শিল্পকারখানা স্থাপন করা হবে। ২০১৪ সালের জুন মাসে এ প্রকল্প শেষ হওয়ার কথা।